একের পর এক আত্মহত্যা করছে ইসরায়েলি সেনারা

ছবি:সংগৃহীত
গাজায় দীর্ঘদিনের রক্তক্ষয়ী যুদ্ধ এবং ধারাবাহিক সামরিক অভিযানের মানসিক চাপের কারণে আত্মহত্যার ঘটনা উদ্বেগজনকভাবে বেড়েছে ইসরায়েলি সেনাবাহিনীতে। চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত অন্তত ১৬ জন সেনাসদস্য আত্মহত্যা করেছেন।
বুধবার (২৯ জুলাই) ইসরায়েলি সংবাদপত্র হারেৎস প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, আত্মহত্যা করা ১৬ জনের মধ্যে সম্প্রতি মাত্র দুই দিনের ব্যবধানে দুই নারী সেনা সদস্য নিজেদের জীবন শেষ করেছেন। তাদের একজন মিসর সীমান্তসংলগ্ন বারদেলাস ব্যাটালিয়নে কর্মরত ছিলেন। অপরজন তেল আবিবের কাছে গ্লিলট সামরিক ঘাঁটির গোয়েন্দা বিভাগে দায়িত্ব পালন করছিলেন।
হারেৎস জানায়, গোয়েন্দা বিভাগে কর্মরত ওই নারী সেনা দীর্ঘদিন ধরে তীব্র মানসিক অবসাদে ভুগছিলেন। তিনি সামরিক দায়িত্ব থেকে অব্যাহতি অথবা দায়িত্বের চাপ কমানোর জন্য আনুষ্ঠানিক আবেদন করেছিলেন। তবে সামরিক কর্তৃপক্ষ তার আবেদন প্রত্যাখ্যান করে।
দুই আত্মহত্যার ঘটনার পর পৃথক তদন্ত শুরু করেছে ইসরায়েলের মিলিটারি পুলিশ।
প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, গাজায় দীর্ঘমেয়াদি যুদ্ধ, লেবাননে সামরিক অভিযান এবং পশ্চিম তীরসহ বিভিন্ন এলাকায় টানা মোতায়েনের কারণে সেনাসদস্যদের ওপর তীব্র মানসিক চাপ সৃষ্টি হচ্ছে। যুদ্ধক্ষেত্রের ভয়াবহ অভিজ্ঞতা ও দীর্ঘ সময় ধরে উচ্চঝুঁকিপূর্ণ দায়িত্ব পালনের ফলে অনেকের মানসিক স্বাস্থ্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
এর আগে ২০২৫ সালেও ইসরায়েলি সেনাবাহিনীতে কর্মরত অন্তত ২২ জন সেনা আত্মহত্যা করেন, যা দেশটির গত ১৫ বছরের মধ্যে সর্বোচ্চ বার্ষিক সংখ্যা হিসেবে নথিভুক্ত হয়েছিল।
সামরিক বিশেষজ্ঞদের মতে, যুদ্ধের দীর্ঘস্থায়ী মানসিক প্রভাব মোকাবিলায় কার্যকর মনস্তাত্ত্বিক সহায়তা ও পুনর্বাসন ব্যবস্থা জোরদার না হলে এমন আত্মহত্যার প্রবণতা আরও বাড়তে পারে।
প্রাইমটিভি/এমআর

ডেস্ক রিপোর্ট
© ২০২৬ প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।








