হামে হাসপাতালে ভর্তি ৯৯ শতাংশ শিশুই টিকা পায়নি: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন । প্রাইম টিভি
দেশে হাম পরিস্থিতি এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, বর্তমানে হাসপাতালে ভর্তি হামে আক্রান্ত শিশুদের ৯৯ শতাংশই টিকা পায়নি।
মঙ্গলবার (২৯ জুলাই) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে অনুষ্ঠিত এক সেমিনারে এ তথ্য তুলে ধরেন স্বাস্থ্যমন্ত্রী।
তিনি বলেন, জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকার কাজ করছে। হামের সংক্রমণ বেশি এমন এলাকাগুলোতে আরও এক লাখ শিশুকে টিকার আওতায় আনার পরিকল্পনা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, গত ১৫ মার্চ দেশে প্রথম হামের প্রাদুর্ভাব শনাক্ত হওয়ার পরপরই সরকার বিভিন্ন সংস্থার সহযোগিতায় দ্রুত টিকা সংগ্রহ করে। পরে সারাদেশে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন পরিচালনা করা হয়।
তবে দেশব্যাপী টিকাদান কার্যক্রমে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি শিশুকে টিকার আওতায় আনার দাবি করা হলেও রোগীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেনি। এ নিয়ে ক্যাম্পেইনের কার্যকারিতা নিয়ে প্রশ্ন ওঠে। পরবর্তীতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের লক্ষ্যমাত্রা নিয়েও একই ধরনের আলোচনা শুরু হয়।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞ অধ্যাপক ডা. বেনজির আহমেদ বলেন, টিকাদান কর্মসূচিতে লক্ষ্য নির্ধারণে ত্রুটির কারণে দেশের অনেক এলাকায় অন্তত ৯৫ শতাংশ শিশুকে টিকার আওতায় আনা সম্ভব হয়নি। তার মতে, পর্যাপ্ত সংখ্যক শিশুকে টিকা না দেওয়াই দেশে হাম নিয়ন্ত্রণে না আসার অন্যতম কারণ।
প্রাইমটিভি/এনজি

ডেস্ক রিপোর্ট
© ২০২৬ প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।







