পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) ইনকিলাব মঞ্চের নির্ধারিত কর্মসূচি পালন করতে না দেওয়ার অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছেন সংগঠনটির নেতাকর্মীরা।

বুধবার (২৯ জুলাই) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ‘জুলাই গণঅভ্যুত্থান’ বিষয়ক আলোচনা সভা ও শহীদদের জন্য দোয়া অনুষ্ঠানের আয়োজন করে ইনকিলাব মঞ্চ, পাবিপ্রবি শাখা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল সংগঠনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আবদুল্লাহ আল জাবেরের।

সংগঠনটির দাবি, প্রশাসন প্রথমে মৌখিকভাবে কর্মসূচির অনুমতি দেয় এবং পরে লিখিত আবেদনও গ্রহণ করে। তবে কর্মসূচি শুরুর ঠিক আগে জানানো হয়, আবদুল্লাহ আল জাবেরের উপস্থিতি নিয়ে ঊর্ধ্বতন মহলের আপত্তি থাকায় অনুষ্ঠানটি আয়োজনের অনুমতি দেওয়া হবে না।

এর প্রতিবাদে বিকেল চারটার দিকে ক্যাম্পাসে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। মিছিলে অংশ নেন কেন্দ্রীয় আহ্বায়ক আবদুল্লাহ আল জাবের, কেন্দ্রীয় সদস্য অভিনেতা আসাদুজ্জামান আসাদ, মাসুদুর রহমান আদনান, হাবিবুল্লাহ মেজবাহ, আবু ওমায়ের, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পাবনা জেলার সাবেক আহ্বায়ক বরকতুল্লাহ ফাহাদ, সাবেক মুখপাত্র সিরাজ্জুম মুনিরা, পাবিপ্রবি শাখার আহ্বায়ক মজনু আলম, সদস্য সচিব ইব্রাহিম খলিলসহ সংগঠনের নেতাকর্মীরা।

ইনকিলাব মঞ্চের পাবিপ্রবি শাখার আহ্বায়ক মজনু আলম অভিযোগ করে বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন আগে থেকেই জানত যে আবদুল্লাহ আল জাবের কর্মসূচিতে উপস্থিত থাকবেন। সময় ও স্থান চূড়ান্ত হওয়ার পর লিখিত অনুমতিপত্র নিতে গেলে সেটি আর দেওয়া হয়নি।

তবে অভিযোগ অস্বীকার করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. কামরুজ্জামান খান। তিনি বলেন, ইনকিলাব মঞ্চ বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে কোনো লিখিত আবেদনই দেয়নি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে কর্মসূচি করতে কোনো বাধা নেই। তবে বাইরের কোনো বিশ্ববিদ্যালয় বা সংগঠনের অতিথিকে ক্যাম্পাসে আনতে হলে প্রশাসনের অনুমতি নিতে হয়। যেহেতু সে অনুমতি নেওয়া হয়নি, তাই কর্মসূচির অনুমতি দেওয়া হয়নি।

বিক্ষোভ মিছিলে বক্তব্য দিতে গিয়ে ইনকিলাব মঞ্চের কেন্দ্রীয় আহ্বায়ক আবদুল্লাহ আল জাবের বলেন, “কোথা থেকে ফোন আসে, কীভাবে প্রোগ্রাম বন্ধ হয়, এগুলো আমরা জানি। জুলাইয়ের সঙ্গে যদি গাদ্দারি করা হয়, জুলাইয়ের শহীদদের যদি অবমাননা করা হয়, তাহলে ২৬ কিন্তু ২৭-এ গিয়ে পৌঁছাবে না।”

প্রাইমটিভি/এমআর