ময়মনসিংহের ভালুকা উপজেলার মল্লিকবাড়ী আঞ্চলিক সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মালবাহী ট্রাক সড়কের পাশের খাদে পড়ে গেছে। তবে এ ঘটনায় ট্রাকচালক ও তার সহকারী অক্ষত রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (২৭ জুলাই) রাতে পণ্যবোঝাই ট্রাকটি মল্লিকবাড়ী আঞ্চলিক সড়ক দিয়ে যাওয়ার সময় দোয়ার পুকুরপাড় এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। একপর্যায়ে ট্রাকটি সড়কের পাশের খাদে পড়ে যায়।

দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধারকাজে সহায়তা করেন। ট্রাকচালক ও হেলপার নিরাপদে ট্রাক থেকে বেরিয়ে আসতে সক্ষম হন। ফলে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

দুর্ঘটনার কারণে কিছু সময়ের জন্য ওই সড়কে যান চলাচলে সাময়িক বিঘ্ন সৃষ্টি হলেও স্থানীয়দের সহযোগিতা এবং সংশ্লিষ্টদের উদ্যোগে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হয়।

স্থানীয়দের ধারণা, সড়কটি সরু হওয়া, দুই পাশে পুকুর থাকা এবং সড়কের একাংশ ভেঙে যাওয়ায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।

প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতি না হওয়ায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। একই সঙ্গে সাম্প্রতিক সময়ে সড়ক দুর্ঘটনা বেড়ে যাওয়ায় চালকদের আরও সতর্কতার সঙ্গে যানবাহন চালানো এবং ঝুঁকিপূর্ণ সড়কটি দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

প্রাইমটিভি/এমআর