আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর ফোনালাপ, গ্যাস সংকট নিয়ে আলোচনা

ছবিঃ সংগৃহীত
দেশের চলমান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সংকট নিরসনে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী।
মঙ্গলবার (২৮ জুলাই) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
তিনি বলেন, কক্সবাজারের মহেশখালীতে ভাসমান এলএনজি (এফএসআরইউ) টার্মিনালে দুর্ঘটনার কারণে কয়েকদিন ধরে আমদানিকৃত গ্যাস সরবরাহ ব্যাহত হচ্ছে। টার্মিনালটি দ্রুত সচল করতে মালয়েশিয়ার একটি কারিগরি বিশেষজ্ঞ দল ইতোমধ্যে কাজ করছে।
প্রতিমন্ত্রীর আশা, আগামী সপ্তাহের শুরুতেই জাতীয় গ্রিডে দৈনিক ২৮০ থেকে ৩০০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ পুনরায় চালু করা সম্ভব হবে। এছাড়া ক্ষতিগ্রস্ত ভাসমান এলএনজি টার্মিনালটি আগামী দুই সপ্তাহের মধ্যে পুরোপুরি সচল হওয়ার সম্ভাবনা রয়েছে।
গত মঙ্গলবার মহেশখালীতে এক্সিলারেট এনার্জির ভাসমান এলএনজি টার্মিনালে অগ্নিকাণ্ডের পর জাতীয় গ্রিডে প্রায় ৪৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ কমে যায়। এর ফলে শিল্প, বিদ্যুৎ ও আবাসিক খাতে গ্যাস সংকট তীব্র আকার ধারণ করে।
বর্তমানে দেশে আমদানিকৃত এলএনজি রিগ্যাসিফিকেশনের জন্য দুটি ভাসমান টার্মিনাল রয়েছে, যেগুলোর সম্মিলিত সরবরাহ সক্ষমতা দৈনিক ১ হাজার মিলিয়ন ঘনফুট। এর মধ্যে একটি টার্মিনাল বন্ধ থাকায় সরবরাহে বড় ধরনের ঘাটতি তৈরি হয়েছে।
পেট্রোবাংলা সূত্রে জানা গেছে, টার্মিনালের বয়লার থেকে বের হওয়া সিগন্যালবাহী বৈদ্যুতিক তারে শর্টসার্কিটের কারণে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। বিদেশি প্রকৌশলীরা ইতোমধ্যে মেরামতকাজ শুরু করলেও চলতি সপ্তাহে টার্মিনালটি পুরোপুরি সচল হওয়ার সম্ভাবনা নেই।

ডেস্ক রিপোর্ট
© ২০২৬ প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।




