জনগণের ওপর ক্ষমতা দেখানো নেতা-কর্মীরা দলের শত্রু : তথ্যমন্ত্রী

ছবিঃ সংগৃহীত
জনগণকে অবমূল্যায়ন করে ক্ষমতার দম্ভ দেখানো রাজনৈতিক নেতা-কর্মীদের কঠোর ভাষায় সতর্ক করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, জনগণকে তুচ্ছ-তাচ্ছিল্য করে তেলাপোকা বা ছারপোকা মনে করার মানসিকতা যারা পোষণ করে, তারা শুধু দলের নয়, জনগণেরও শত্রু। জনগণই রাষ্ট্রের প্রকৃত শক্তি, তাই জনগণকে সম্মান করেই রাজনীতি করতে হবে।
মঙ্গলবার (২৮ জুলাই) সকালে বরিশালের গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নের কুতুবপুর স্বনির্ভর খালসংলগ্ন এলাকায় উপজেলা কৃষক দলের আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, “মাটির ওপরে দাঁড়িয়ে একমাত্র জনগণই প্রকৃত ক্ষমতার অধিকারী। জনগণ ঠিক থাকলে কোনো ষড়যন্ত্রকারী সফল হতে পারে না। যারা জনগণের ওপর ক্ষমতা দেখায় এবং তাদের ছোট করে দেখে, তারা দলেরও ক্ষতি করে, দেশেরও ক্ষতি করে।”
তিনি বলেন, “আমাদের দেশের এত ক্ষমতার মালিক শেখ হাসিনাকেও শেষ পর্যন্ত পালিয়ে যেতে হয়েছে। আবার ভারতের মতো বড় দেশেও শিক্ষার্থীদের তেলাপোকার সঙ্গে তুলনা করার পর সেই বক্তব্যের বিরুদ্ধে জনরোষ তৈরি হয় এবং শেষ পর্যন্ত সরকারকে জনগণের দাবির কাছে নতি স্বীকার করতে হয়। তাই জনগণকে কখনোই অবজ্ঞা করা উচিত নয়।”
ফ্যামিলি কার্ড বিতরণে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধেও কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, “প্রকৃত সুবিধাভোগীদের বাদ দিয়ে কেউ যেন ভুয়া ব্যক্তিকে তালিকাভুক্ত না করে। এ ধরনের অনিয়ম কোনোভাবেই বরদাশত করা হবে না।”
তিনি আরও বলেন, “কাজ বণ্টনের নামে কেউ যদি দালালি বা মধ্যস্বত্বভোগীর ভূমিকা পালন করে, তাহলে প্রমাণসহ আমাদের কাছে অভিযোগ দিন। কোনো দালাল বা মধ্যস্বত্বভোগীকে প্রশ্রয় দেওয়া হবে না।”
মন্ত্রী বলেন, “ধানের শীষের হাতে যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আসে, তখন সর্বোচ্চ পর্যায়ে ক্ষমতার অপব্যবহার হয় না। তবে নিচের পর্যায়ে কেউ ভুল করলে তার দায় শেষ পর্যন্ত দলের ওপরই বর্তায়। তাই বিভ্রান্তিকর ও সুযোগসন্ধানী নেতা-কর্মীদের বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।”
উপজেলা কৃষক দলের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বরিশাল জেলা উত্তর বিএনপির সদস্যসচিব মিজানুর রহমান খান (মুকুল), উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম, সাবেক আহ্বায়ক আবুল হোসেন মিয়া, সদস্যসচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান, জেলা বিএনপির সদস্য রফিকুল ইসলাম, পৌর বিএনপির আহ্বায়ক জাকির হোসেন শরীফ, ভারপ্রাপ্ত সদস্যসচিব শরীফ শফিকুর রহমানসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
দুই দিনের বরিশাল সফরের দ্বিতীয় দিনে তথ্যমন্ত্রী গৌরনদীতে আরও কয়েকটি কর্মসূচিতে অংশ নেন। উপজেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ আয়োজনে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন করেন তিনি। এ সময় গৌরনদী গার্লস স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন এবং শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা বিতরণ করেন।
বক্তব্যে তিনি বলেন, “জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ব্যাপক বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। সবুজ বাংলাদেশ গড়তে প্রত্যেক নাগরিককে অন্তত একটি করে গাছ লাগানো এবং তার পরিচর্যার দায়িত্ব নিতে হবে।”
পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) ২০২৬-এর অর্থায়নে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়াসামগ্রী ও বৃক্ষের চারা বিতরণ করেন তথ্যমন্ত্রী। একই অনুষ্ঠানে ‘নতুন কুঁড়ি’ কর্মসূচিতে জেলা পর্যায়ে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্টও প্রদান করা হয়।

ডেস্ক রিপোর্ট
© ২০২৬ প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।









