সাঁথিয়ার মসজিদ বিতর্কে উত্তাপ, জামায়াতের দাবিকে ‘বানোয়াট’ বলল বিএনপি

ছবি:সংগৃহীত
পাবনার সাঁথিয়ায় একটি মসজিদে সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেনের ইমামতি করা নিয়ে সৃষ্ট হট্টগোলের ঘটনায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সাইয়েদ আব্দুল্লাহকে দায়ী করার অভিযোগকে ‘বানোয়াট ও ভিত্তিহীন’ বলে দাবি করেছে বিএনপি। দলটির দাবি, ঘটনাটি এমপি নাজিবুর রহমান মোমেনের ‘ইচ্ছাকৃত’ ও ‘সরাসরি মদদে’ ঘটেছে। তবে সব ধরনের ভুল বোঝাবুঝি দূর করে সাঁথিয়ার উন্নয়নে জামায়াতসহ সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয়ও ব্যক্ত করেছেন বিএনপি নেতারা।
সোমবার (২৮ জুলাই) দুপুরে সাঁথিয়া উপজেলা ও পৌর বিএনপির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সাঁথিয়া পৌর বিএনপির সভাপতি আব্দুল করিম।
তিনি বলেন, অস্থিরতা তৈরির উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটিয়ে সাইয়েদ আব্দুল্লাহর ওপর দায় চাপানোর চেষ্টা করছে জামায়াত। অথচ ঘটনার দিন তিনি ঢাকায় অবস্থান করছিলেন। রাজনৈতিক স্বার্থ হাসিল ও সাঁথিয়ায় প্রভাব বিস্তারের লক্ষ্যে এমপি নাজিবুর রহমান মোমেন তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন বলেও অভিযোগ করেন তিনি।
সংবাদ সম্মেলনে আরও দাবি করা হয়, এমপি নাজিবুর রহমান মোমেন বিভিন্ন মসজিদে গিয়ে রাজনৈতিক উদ্দেশ্যে ইমামতি করার চেষ্টা করছেন। আফতাবনগর মসজিদে তিনি মসজিদ কমিটি ও নির্ধারিত ইমামকে উপেক্ষা করে ইমামতি করতে চেয়েছিলেন। এ সময় অনেক মুসল্লি আপত্তি জানালে তিনি জোরপূর্বক ইমামতি করার চেষ্টা করেন বলে অভিযোগ বিএনপির। এছাড়া মসজিদের ভেতরে দেশীয় অস্ত্র নিয়ে হামলার অভিযোগও ‘সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট’ বলে দাবি করেন নেতারা।
সংবাদ সম্মেলনে বিএনপি নেতারা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আগামীর সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্যে সব ভেদাভেদ ও ভুল বোঝাবুঝি দূর করে জামায়াতসহ সকল রাজনৈতিক শক্তিকে নিয়ে সাঁথিয়ার উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ।
এ সময় পৌর বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মল্লিক, সাবেক আহ্বায়ক সিরাজুল ইসলাম বন্দে, সাংগঠনিক সম্পাদক আসিফ ইকবাল রাসেল, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সরদার রফিকুল ইসলাম, সাবেক যুগ্ম আহ্বায়ক মীর নাজমুল বারী নাহিদসহ উপজেলা, ইউনিয়ন ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রাইমটিভি/এমআর

ডেস্ক রিপোর্ট
© ২০২৬ প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।




