রাজধানীর মিরপুরে টিসিবির পণ্য নিতে গিয়ে দেয়াল ধসে আহতদের চিকিৎসার সম্পূর্ণ ব্যয় সরকার বহন করবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

মঙ্গলবার (২৮ জুলাই) হাসপাতালে চিকিৎসাধীন আহতদের দেখতে গিয়ে তিনি বলেন, চিকিৎসার জন্য বাইরে থেকে কোনো ওষুধ বা চিকিৎসাসামগ্রী প্রয়োজন হলেও তার ব্যয়ও সরকার বহন করবে। একই সঙ্গে আহতদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করতে চিকিৎসকদের নির্দেশ দেওয়া হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী জানান, এ দুর্ঘটনায় আটজন আহত হয়ে হাসপাতালে ভর্তি হন। এর মধ্যে একজন ঘটনাস্থলেই মারা যান। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আইসিইউতে আরও একজনের মৃত্যু হয়।

তিনি বলেন, আহত ছয়জনের মধ্যে একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন পাঁচজনের সবার প্রাথমিক অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল হলে প্রয়োজনীয় পরবর্তী অস্ত্রোপচার করা হবে।

এ সময় স্বাস্থ্যমন্ত্রী আহতদের খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।

প্রাইমটিভি/এমআর