হামের উপসর্গে ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯ শতাধিক

ছবিঃ সংগৃহীত
দেশে হামের প্রকোপ কমার লক্ষণ এখনো স্পষ্ট নয়। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত সাড়ে চার মাসে হাম ও হামের উপসর্গে মৃত শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮২৮ জনে।
মঙ্গলবার (২৮ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হালনাগাদ হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।প্রতিবেদন অনুযায়ী, সর্বশেষ ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিন শিশুর মধ্যে চট্টগ্রাম বিভাগে দুজন এবং রাজশাহী বিভাগে একজন রয়েছে।
একই সময়ে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে আরও ৭৯৯ শিশু। এছাড়া পরীক্ষায় নতুন করে ১০৫ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে।স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছে ১ লাখ ২৫ হাজার ৫৪৪ শিশু। তাদের মধ্যে পরীক্ষার মাধ্যমে ১৫ হাজার ৬৬০ জনের হাম নিশ্চিত হয়েছে।
এ সময়ের মধ্যে হামের উপসর্গ নিয়ে ১ লাখ ৮ হাজার ৪৪১ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ লাখ ৪ হাজার ২৩৫ শিশু।
এ পর্যন্ত হামের উপসর্গে ৭৩৩ শিশু এবং পরীক্ষায় নিশ্চিত হওয়া হামে ৯৫ শিশুর মৃত্যু হয়েছে। ফলে হাম ও হামের উপসর্গ মিলিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৮২৮ জনে।
স্বাস্থ্য অধিদপ্তর হামের সংক্রমণ রোধে শিশুদের সময়মতো টিকাদান নিশ্চিত করার পাশাপাশি উপসর্গ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা নেওয়ার আহ্বান জানিয়েছে।

ডেস্ক রিপোর্ট
© ২০২৬ প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।




