অবৈধ জাল জব্দ ও আগুনে পুড়িয়ে ধ্বংস

ছবিঃ প্রতিনিধি
পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলায় ইলিশসহ অন্যান্য মাছের নিরাপদ প্রজনন ও সংরক্ষণে পরিচালিত বিশেষ অভিযানে প্রায় ১ লক্ষ ২৬ হাজার টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে তা পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মো: ইজাজুল হকের নির্দেশে এ অভিযান পরিচালিত হয়।
উপজেলা মৎস্য দপ্তর ও চরশিবা পুলিশ ফাঁড়ি যৌথভাবে উপজেলার চর কাজল ইউনিয়নের বড় চর কাজল, উত্তর ছোট চর কাজল ও উত্তর শিবা এলাকায় এ অভিযান চালায়।
অভিযানকালে বিল ও খালের বিভিন্ন পয়েন্ট থেকে বিপুল পরিমাণ ক্ষতিকারক চায়না দুয়ারী জাল জব্দ করা হয়। পরবর্তীতে জব্দকৃত জালগুলো জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করেন উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ জহিরুল নবী।
উপজেলা মৎস্য দপ্তর সূত্র জানায়, ধ্বংসকৃত জালের সংখ্যা ৩৬ পিস যার আনুমানিক বাজারমূল্য ১ লক্ষ ২৬ হাজার টাকা। এসব অবৈধ জালের ব্যবহারের ফলে মা মাছ ও পোনা মাছ এবং সাপ, ব্যাঙ সহ বিভিন্ন জলজ প্রাণী নির্বিচারে ধ্বংস হচ্ছে। যা স্থানীয় নদ-নদীর মৎস্যসম্পদের জন্য চরম হুমকি।
মৎস্যসম্পদ ও জীববৈচিত্র সুরক্ষা ও টেকসই উৎপাদনের স্বার্থে অবৈধ জালের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে Prime tv কে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।
প্রাইমটিভি/ এমএইচ

জেলা প্রতিনিধি
© ২০২৬ প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।




