জামায়াত এমপির বাড়িতে হামলা, মহাসড়ক অবরোধ

ছবি:সংগৃহীত
যশোর-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুলের বাড়িতে হামলা ও বিক্ষোভ করেছেন স্থানীয় কয়েকশ’ নারী-পুরুষ। একপর্যায়ে বিক্ষোভকারীরা যশোর-নড়াইল মহাসড়ক অবরোধ করলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীদের দাবি, শহরের নীলগঞ্জ এলাকায় অবস্থিত এমপি গোলাম রসুলের বাড়ি সংলগ্ন আল মাদরাসাতুশ শারইয়াহ ও একটি মসজিদকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সেই বিরোধের জেরেই সোমবার (২৭ জুলাই) সকালে এমপির মেয়ে ও মেডিকেল শিক্ষার্থী মেহজাবিন অনন্যার বিরুদ্ধে মাদরাসার শিশু শিক্ষার্থী আয়ান এবং রেক্সনা নামে এক নারীকে মারধরের অভিযোগ ওঠে। পরে সোমবার রাতে উভয় পক্ষের মধ্যে একটি সমঝোতা হলেও মঙ্গলবার (২৮ জুলাই) সকালে মাদরাসা পুনরায় বন্ধ রাখতে বলা হয়েছে—এমন অভিযোগকে কেন্দ্র করে পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে ওঠে।
স্থানীয়রা জানান, সকাল সাড়ে ১০টার দিকে কয়েকশ’ মানুষ এমপির বাড়ির সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। বিক্ষোভকারী রবিউলের অভিযোগ, মাদরাসা বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। এছাড়া বিক্ষোভ চলাকালে বাড়ির দ্বিতীয় তলা থেকে গরম পানি নিক্ষেপ করা হয়, যা পরিস্থিতিকে আরও উত্তেজিত করে তোলে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, বেলা সাড়ে ১১টার দিকে পরিস্থিতি শান্ত করতে এমপি গোলাম রসুলের এক স্বজন আব্দুল্লাহ ঘটনাস্থলে এলে বিক্ষুব্ধ জনতা তাকে মারধর করে। পরে বিক্ষোভকারীরা যশোর-নড়াইল মহাসড়ক অবরোধ করে এমপি গোলাম রসুল ও তার মেয়ের বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
খবর পেয়ে কোতোয়ালি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। থানার ইন্সপেক্টর (অপারেশন) জানান, উভয় পক্ষের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে অবস্থান করে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।
অন্যদিকে, এমপি গোলাম রসুলের স্ত্রী শারমিন ডিনা অভিযোগ অস্বীকার করে বলেন, তাদের মেয়ে অনন্যা মানসিক সমস্যায় ভুগছেন। মাদরাসা বন্ধ থাকলেও সেখানে বিভিন্ন সময় শিশুদের আনাগোনা ও বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এর প্রতিবাদ করায় বিরোধের সৃষ্টি হয়েছে। তিনি দাবি করেন, তাদের বাড়িতে হামলা চালানোর পর এখন উল্টো মিথ্যা অভিযোগ আনা হচ্ছে।
তবে এ ঘটনায় সংসদ সদস্য ও যশোর জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুলের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে যশোর কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ মাসুম খান জানান, বেলা ১টার দিকে পরিস্থিতি শান্ত হয়েছে। পুলিশ উভয়পক্ষকে বুঝিয়ে শান্ত করেছে। পরবর্তীতে এ নিয়ে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।
প্রাইমটিভি/এমআর

ডেস্ক রিপোর্ট
© ২০২৬ প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।




