নাটোরের লালপুর উপজেলায় মুরগির খামারে শিয়ালের আক্রমণ প্রতিরোধে টানানো বিদ্যুতায়িত তারে জড়িয়ে শিহাব প্রাং (৫৫) নামে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) ভোরে উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের ভাটপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিহাব প্রাং ভাটপাড়া পূর্বপাড়া গ্রামের মৃত ছফের প্রাংয়ের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো ভোরে বাড়ির পাশ দিয়ে চলাচলের সময় অসাবধানতাবশত একটি মুরগির খামারের চারপাশে টানানো বিদ্যুতায়িত তারের সংস্পর্শে আসেন শিহাব প্রাং। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।

খামারের মালিক রায়হান উদ্দীন জানান, সকালে খামারে এসে তিনি দেখতে পান শিয়াল প্রতিরোধে স্থাপন করা বৈদ্যুতিক তারে শিহাব প্রাংয়ের মরদেহ পড়ে আছে। পরে তিনি স্থানীয়দের খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

স্থানীয়দের ধারণা, রাতের শেষ ভাগ কিংবা ভোরের কোনো এক সময় এ দুর্ঘটনা ঘটে। এলাকাবাসী জানান, শিয়ালের আক্রমণ ঠেকাতে অনেক খামারেই এভাবে বিদ্যুতায়িত তার ব্যবহার করা হয়, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং প্রাণহানির আশঙ্কা তৈরি করে।

লালপুর থানার পুলিশ কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, "ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। প্রাথমিকভাবে এটি একটি দুর্ঘটনা বলে মনে হচ্ছে। মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।"

এ ঘটনায় নিহতের পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে খামারের চারপাশে উন্মুক্ত বিদ্যুতায়িত তার ব্যবহারে প্রশাসনের কঠোর নজরদারি ও সচেতনতামূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

প্রাইমটিভি/এমআর