স্বামীকে বাঁচাতে কিডনি দিতে চান স্ত্রী

ছবি:সংগৃহীত
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় দুই কিডনি সম্পূর্ণ বিকল হয়ে মৃত্যুর সঙ্গে লড়ছেন তাজ উদ্দিন টিপু। তাকে বাঁচাতে নিজের একটি কিডনি দান করতে প্রস্তুত হয়েছেন তার স্ত্রী তাজ নাহার। তবে কিডনি প্রতিস্থাপনের বিপুল ব্যয় বহনের সামর্থ্য না থাকায় চরম অসহায় সময় পার করছে পরিবারটি। এমন মানবিক পরিস্থিতিতে পরিবারটির পাশে দাঁড়িয়েছে বেগমগঞ্জ উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কায়েসুর রহমানের উদ্যোগে পরিবারটির হাতে আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।
জানা গেছে, দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছেন তাজ উদ্দিন টিপু। নিয়মিত ডায়ালাইসিসের পাশাপাশি চিকিৎসকরা তাকে দ্রুত কিডনি প্রতিস্থাপনের পরামর্শ দিয়েছেন। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষায় দেখা গেছে, তার স্ত্রী তাজ নাহারের কিডনি স্বামীর শরীরে প্রতিস্থাপনের জন্য উপযোগী।
তাজ নাহার বলেন, "স্বামীকে বাঁচাতে আমি আমার একটি কিডনি দিতে রাজি আছি। একজন স্ত্রী হিসেবে এটাই আমার দায়িত্ব। কিন্তু অপারেশনের খরচ বহন করার মতো সামর্থ্য আমাদের নেই। আমি চাই আমার স্বামী সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসুক। এজন্য সমাজের সবার সহযোগিতা কামনা করছি।"
তাজ উদ্দিন টিপু বলেন, "আমি দীর্ঘদিন ধরে অসুস্থ। নিয়মিত ডায়ালাইসিস করতে হচ্ছে। চিকিৎসকরা কিডনি প্রতিস্থাপনের পরামর্শ দিয়েছেন। আমার স্ত্রী কিডনি দিতে রাজি হয়েছেন, কিন্তু অর্থের অভাবে চিকিৎসা করাতে পারছি না। আমি সবার কাছে দোয়া ও সহযোগিতা চাই।"
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কায়েসুর রহমান বলেন, পরিবারটির সংকটের কথা জানতে পেরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।
তিনি বলেন, "একজন স্ত্রী স্বামীকে বাঁচাতে নিজের কিডনি দিতে এগিয়ে এসেছেন, এটি অত্যন্ত মানবিক ও অনুপ্রেরণাদায়ক। সমাজের বিত্তবান ও সহৃদয় ব্যক্তিরা এগিয়ে এলে পরিবারটির কিডনি প্রতিস্থাপনের পথ সহজ হবে।"
ইউএনও আরও বলেন, "মানবিক সংকটে থাকা মানুষের পাশে দাঁড়ানো আমাদের সামাজিক দায়িত্ব। ব্যক্তি ও প্রতিষ্ঠান—সবার উচিত এই পরিবারটির সহযোগিতায় এগিয়ে আসা।"
প্রাইমটিভি/এমআর

ডেস্ক রিপোর্ট
© ২০২৬ প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।




