ভারত-আমেরিকা কারো আধিপত্য মেনে নেব না: নাহিদ ইসলাম

ছবি:সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম বলেছেন, জুলাই গণঅভ্যুত্থান ছিল সীমান্ত সুরক্ষা, স্বাধীন পররাষ্ট্রনীতি এবং নদীর পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করার আন্দোলন। তিনি বলেন, ‘আমরা কারও আধিপত্য মেনে নেব না; ভারতেরও না, আমেরিকারও না।’
মঙ্গলবার (২৮ জুলাই) জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) কেন্দ্রীয় মিলনায়তনে জাতীয় ছাত্রশক্তি জবি শাখার উদ্যোগে আয়োজিত ‘জুলাই গণঅভ্যুত্থান: স্ফুলিঙ্গ থেকে চলমান বিপ্লব’ শীর্ষক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, গণঅভ্যুত্থানের পরও দেশের প্রত্যাশিত পরিবর্তনের অনেক কিছু বাস্তবায়িত হয়নি। এ নিয়ে হতাশা থাকলেও তিনি মনে করেন, জুলাই গণঅভ্যুত্থান এখনো চলমান। তাঁর ভাষায়, এই আন্দোলন ছিল গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য। তিনি বলেন, জনগণ ইতোমধ্যে দুটি ভোট দিয়েছে, তবে গণভোটের রায় এখনো বাস্তবায়িত হয়নি। যারা প্রথমবার ভোট দিয়েছেন, তাদের এ বিষয়ে সচেতন থাকার আহ্বান জানান তিনি।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রসঙ্গ টেনে নাহিদ ইসলাম বলেন, দেশের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে বিশ্ববিদ্যালয়টির গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তিনি দাবি করেন, সেই অবদানের যথাযথ স্বীকৃতি এখনো মেলেনি এবং দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়টি বঞ্চনার শিকার। তাই সরকারের প্রতি জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে বিশেষ গুরুত্ব দিয়ে বিবেচনার আহ্বান জানান তিনি।
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি মূল্যবোধভিত্তিক শিক্ষা নিশ্চিত করাও জরুরি। বিশ্ববিদ্যালয় ব্যবস্থার দীর্ঘমেয়াদি সংস্কারের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, উপাচার্য ও শিক্ষক নিয়োগসহ সব প্রক্রিয়া নিয়মতান্ত্রিক ও স্বচ্ছভাবে সম্পন্ন করতে হবে।
জুলাই আন্দোলনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভূমিকার কথা উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, আন্দোলনের বিভিন্ন পর্যায়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ ছিল। বিশেষ করে ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংঘটিত ঘটনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী আহত হয়েছিলেন বলেও তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন এনসিপির রাজনৈতিক পরিষদের সদস্য আব্দুল্লাহ আল আমিন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শারমিন, প্রক্টর অধ্যাপক মো. নাসির উদ্দিন, জাতীয় ছাত্রশক্তির সভাপতি জাহিদ আহসান, সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার, জকসু ভিপি রিয়াজুল ইসলাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান হিমেলসহ ফ্যাসিবাদবিরোধী বিভিন্ন ছাত্রসংগঠনের নেতারা।
প্রাইমটিভি/এমআর

ডেস্ক রিপোর্ট
© ২০২৬ প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।








