কক্সবাজারের রামুতে ছাত্রলীগের ঝটিকা মিছিল, ৩১ জনের নামে সন্ত্রাসবিরোধী আইনে মামলা

ছবিঃ সংগৃহীত
কক্সবাজারের রামুতে নিষিদ্ধঘোষিত ছাত্রসংগঠন ছাত্রলীগের ব্যানারে মোটরসাইকেল শোভাযাত্রা ও ঝটিকা মিছিলের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছে পুলিশ। মামলায় ৩১ জনের নাম উল্লেখ করার পাশাপাশি আরও ৩০ থেকে ৪০ জনকে অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে। এদিকে ঘটনার প্রতিবাদে উপজেলা ছাত্রদল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৬ জুলাই বেলা সাড়ে ১১টার দিকে রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের পূর্ব মুরাপাড়া এলাকায় জমজম ফিলিং স্টেশনের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতা-কর্মীরা মোটরসাইকেল শোভাযাত্রা ও ঝটিকা মিছিল করেন।
এ ঘটনায় সোমবার রামু থানার উপপরিদর্শক (এসআই) মুহাম্মদ নূরুল আবছার বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করেন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, জেলা ছাত্রলীগের সভাপতি এস এম সাদ্দামের নির্দেশে এবং রামু উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক তারেক উদ্দিন মিশুক ও এরশাদুল কাউসার সাকিবের নেতৃত্বে বিপুলসংখ্যক নেতা-কর্মী শেখ হাসিনার ছবিসংবলিত ব্যানার, বিভিন্ন ফেস্টুন ও লাঠিসোঁটা নিয়ে সরকারবিরোধী স্লোগান দেন এবং জনমনে আতঙ্ক ও ভীতির পরিবেশ সৃষ্টির চেষ্টা করেন।
পুলিশের ভাষ্য অনুযায়ী, খবর পেয়ে দুপুর ১২টার দিকে ঘটনাস্থলে পৌঁছালে মিছিলকারীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেলে দ্রুত পালিয়ে যান। পালিয়ে যাওয়ার সময় তারা ঘটনাস্থলে একটি ব্যানার, কয়েকটি লাঠি ও ইটের টুকরা ফেলে রেখে যায়।
পরে ঘটনাস্থল থেকে শেখ হাসিনার ছবিসংবলিত এবং ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ লেখা একটি ব্যানার, ১৩টি কাঠের লাঠি এবং ১৯টি ইটের টুকরা জব্দ করে পুলিশ। স্থানীয় তিনজন সাক্ষীর উপস্থিতিতে জব্দ তালিকাও প্রস্তুত করা হয়।
এজাহারে আরও বলা হয়, ঘটনাস্থলের আশপাশের লোকজনের দেওয়া তথ্য, গোপন সংবাদের ভিত্তিতে এবং ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে ৩১ জনকে শনাক্ত করা হয়েছে। তাঁদের অধিকাংশই ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী বলে উল্লেখ করা হয়েছে।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি অজ্ঞাতপরিচয় আসামিদের শনাক্তে ভিডিও ফুটেজ ও অন্যান্য তথ্য-উপাত্ত বিশ্লেষণ করা হচ্ছে।

ডেস্ক রিপোর্ট
© ২০২৬ প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।








