খোলা বাজারে ডলারের দর নিয়ন্ত্রণ ও স্থিতিশীলতা বজায় রাখতে নতুন বিনিময় হার নির্ধারণ করেছে মানি চেঞ্জার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, এমসিএবি। নতুন দর অনুযায়ী, মানি এক্সচেঞ্জগুলোতে প্রতি ডলার ১২৫ টাকা ৫০ পয়সায় কিনতে এবং ১২৬ টাকা ৫০ পয়সায় বিক্রি করতে হবে।

সোমবার (২৪ আগস্ট) রাজধানীতে সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে নতুন এ বিনিময় হার ঘোষণা করেন এমসিএবির সভাপতি এম এস জামান। এ সময় সংগঠনের সাধারণ সম্পাদক প্রকৌশলী গৌতম দে, কেন্দ্রীয় নেতারা এবং বিভিন্ন মানি চেঞ্জার প্রতিষ্ঠানের মালিকরা উপস্থিত ছিলেন।

এম এস জামান বলেন, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনার আলোকে ডলারের এ দর নির্ধারণ করা হয়েছে। নতুন বিনিময় হার সংগঠনের ওয়েবসাইটের মাধ্যমে দেশের সব মানি চেঞ্জারকে জানিয়ে দেওয়া হচ্ছে।

ডলার বাজারে অস্থিরতার জন্য মানি চেঞ্জারদের দায়ী করার সমালোচনা করে এমসিএবি সভাপতি বলেন, ডলারের বাজারে অনৈতিক কারসাজির সুযোগ মানি চেঞ্জারদের নেই। বরং এ ধরনের অস্থিরতার জন্য ব্যাংকিং খাতের ভূমিকা রয়েছে বলে দাবি করেন তিনি।

তিনি বলেন, মানি চেঞ্জাররা মূলত নগদ বৈদেশিক মুদ্রা বা ক্যাশ কারেন্সি কেনাবেচা করে। তারা কোনো ইলেকট্রনিক বা ভার্চুয়াল মুদ্রা লেনদেন করে না এবং সরাসরি রেমিট্যান্স আনতেও পারে না। বিদেশফেরত যাত্রী ও প্রবাসী শ্রমিকদের নিয়ে আসা নগদ বৈদেশিক মুদ্রাই তাদের ব্যবসার মূল উৎস।

এম এস জামান আরও বলেন, প্রবাসীদের দেশে নিয়ে আসা নগদ বৈদেশিক মুদ্রা মানি চেঞ্জাররা কিনে বৈধ চ্যানেলে নিয়ে আসে। এর মাধ্যমে পরোক্ষভাবে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধিতেও ভূমিকা রাখছে এ খাত।

মানি চেঞ্জারদের ডলারের দর নিয়ন্ত্রণের সক্ষমতা নেই দাবি করে তিনি বলেন, কেন্দ্রীয় ব্যাংকই দেশের মুদ্রানীতি নির্ধারণ করে। অথচ বাজারে অস্থিরতা দেখা দিলেই মানি চেঞ্জারদের ওপর দায় চাপানোর চেষ্টা করা হয়।

এ সময় মানি চেঞ্জারদের জন্য ডলার লেনদেনে আরও স্পষ্ট ও সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়নের দাবি জানানো হয়। একই সঙ্গে বৈধভাবে ডলার লেনদেনের সুযোগ বাড়ানো এবং অবৈধ মার্কেট বন্ধে নীতি সহজ করার আহ্বান জানায় সংগঠনটি।

এমসিএবি সভাপতি জানান, বৈধভাবে ব্যবসা পরিচালনার স্বার্থে অবৈধ ও লাইসেন্সবিহীন মানি চেঞ্জারদের একটি তালিকা বাংলাদেশ ব্যাংক, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সাংবাদিকদের কাছে দেওয়া হয়েছে। বাজার নিয়ন্ত্রণে বাংলাদেশ ব্যাংকের লিখিত নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করা হচ্ছে বলেও জানান তিনি।

প্রাইমটিভি/এনজি