স্থানীয় নির্বাচনে কেউ বিদ্রোহী বা স্বতন্ত্র প্রার্থী হলেই কঠোর ব্যবস্থা: রিজভী

ছবি: সংগৃহীত
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কেউ বিদ্রোহী বা স্বতন্ত্র প্রার্থী হলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
সোমবার (২৪ আগস্ট) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির পক্ষ থেকে কারা প্রার্থী হবেন, তা স্থানীয় নেতাকর্মীদের মতামতের ভিত্তিতেই নির্ধারণ করা হবে। এ ক্ষেত্রে তৃণমূলের মতামতের পাশাপাশি সম্ভাব্য প্রার্থীদের যোগ্যতাকেও গুরুত্ব দেওয়া হবে।
তিনি জানান, দলীয় শৃঙ্খলা বজায় রাখতে প্রতিটি নির্বাচনে বিএনপির পক্ষ থেকে একজনকে একক প্রার্থী করা হবে। দলের সিদ্ধান্ত অমান্য করে কেউ বিদ্রোহী বা স্বতন্ত্র প্রার্থী হলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় সরকার নির্বাচনে যোগ্য প্রার্থীকে সমর্থন দেওয়ার জন্য নেতাকর্মীদের নির্দেশ দিয়ে রিজভী বলেন, ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ের নেতারা প্রার্থীদের বিষয়ে যাচাই-বাছাই করে ইউপি নির্বাচনে যোগ্য ব্যক্তিকে সমর্থন দেবেন। কারণ, এবার দলীয় প্রতীকে নির্বাচন অনুষ্ঠিত হবে না।
দলকে সুশৃঙ্খল ও সুসমন্বিতভাবে পরিচালনা করাই এখন প্রধান দায়িত্ব উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, নেতাকর্মীদের সরকারের জনকল্যাণমূলক বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে জনগণকে অবহিত করতে হবে এবং তাদের সঙ্গে নিবিড় যোগাযোগ বজায় রাখতে হবে।
তিনি আরও বলেন, নেতাকর্মীরা জনগণের সঙ্গে সম্পৃক্ত থাকলে কেউ অনৈতিক চিন্তা করার সুযোগ পাবে না। জনস্বার্থের বাইরে বিএনপি কোনো কাজ করবে না।
প্রাইমটিভি/এমআর

প্রাইম রিপোর্ট
© ২০২৬ প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।








