জামায়াত নেতা আজাদের ৫১২ জন গুমের দাবি নিয়ে প্রশ্ন আবু হানিফের

ছবিঃ সংগৃহীত
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদের ‘তারেক রহমানের ছয় মাসে ৫১২ জন গুম হয়েছেন’—এমন বক্তব্যের সমালোচনা করে এর তথ্য-প্রমাণ প্রকাশের দাবি জানিয়েছেন গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ। একই সঙ্গে গুজব ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করার দায়ে আজাদকে আইনের আওতায় আনার দাবিও জানিয়েছেন তিনি।
সোমবার (২৪ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন আবু হানিফ।
পোস্টে আবু হানিফ বলেন, জামায়াত নেতা হামিদুর রহমান আজাদ দাবি করেছেন, তারেক রহমানের ছয় মাসের শাসনামলে ৫১২ জন গুম হয়েছেন। এ তথ্য তিনি কোন সংস্থার জরিপ থেকে পেয়েছেন এবং কোন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে এসব গুমের অভিযোগ—তার সুনির্দিষ্ট তথ্য জানতে চান তিনি।
আবু হানিফ বলেন, ৫১২ জন গুম হওয়ার দাবি করা হলে এ বিষয়ে সংশ্লিষ্ট পরিবারগুলোর অভিযোগ কোথায়, সেটিও স্পষ্ট করা প্রয়োজন। তার দাবি, আজাদের বক্তব্য ভিত্তিহীন। তাই বক্তব্যের পক্ষে তথ্য-প্রমাণ থাকলে তা জনসম্মুখে প্রকাশ করা উচিত। আর প্রমাণ না থাকলে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য ছড়ানোর দায়ে প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত।
একই সঙ্গে গুজব ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করার অভিযোগে হামিদুর রহমান আজাদকে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
আবু হানিফ আরও বলেন, বিরোধী দলের কোনো নেতার বক্তব্য আওয়ামী লীগ রাজনৈতিকভাবে ব্যবহার করে প্রচারণা চালাতে পারে। এ ধরনের বক্তব্য দিয়ে আজাদ আওয়ামী লীগের রাজনৈতিক স্বার্থে ভূমিকা রাখছেন কি না, সে প্রশ্নও তোলেন তিনি।
তিনি প্রশ্ন করেন, ‘প্রোপাগান্ডা ছড়িয়ে আওয়ামী লীগের পারপাস সার্ভ করা কি বিরোধী দলের রাজনীতি?’
পোস্টের শেষাংশে বর্তমান সরকারের সময়ে আলোচিত গুমের ঘটনা হিসেবে ধর্ষণ মামলা থেকে বাঁচতে এক শিবির নেতার ‘গুমের নাটকের’ প্রসঙ্গও তুলে ধরেন আবু হানিফ।

ডেস্ক রিপোর্ট
© ২০২৬ প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।








