জামায়াত নেতারা বিসমিল্লাহ বলে মিথ্যা শুরু করে, এনসিপিও শিখেছে

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতারা বিসমিল্লাহ বলে মিথ্যা শুরু করেন বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। তার দাবি, জামায়াতের নেতৃত্বাধীন জোটে গিয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)ও একই ধরনের মিথ্যাচার ও অপতথ্য প্রচারের কৌশল শিখেছে।
সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব মন্তব্য করেন রাশেদ খান।
পোস্টে তিনি জামায়াত নেতা হামিদুর রহমান আযাদের একটি বক্তব্যের সমালোচনা করেন। রাশেদ খানের দাবি, বিএনপি সরকারের ছয় মাসে ৫১২ জন গুম হয়েছেন বলে অভিযোগ করেছেন হামিদুর রহমান আযাদ। এ সময় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ ১১-দলীয় জোটের শীর্ষ নেতারা উপস্থিত থাকলেও ওই বক্তব্যের প্রতিবাদ কেউ করেননি বলে দাবি করেন তিনি।
রাশেদ খান বলেন, জামায়াতের নেতারা অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে মিথ্যা তথ্য প্রচার করেন। তার প্রশ্ন, একটি ইসলামিক দলের নেতারা টুপি খুলে মিথ্যা বললেও তা হয়তো সহ্য করা যায়, কিন্তু বিসমিল্লাহ বলে মিথ্যা শুরু করার বিষয়টি কীভাবে গ্রহণযোগ্য?
এনসিপিকে নিয়েও সমালোচনা করে তিনি বলেন, ‘নতুন বন্দোবস্তের দল’ হিসেবে পরিচিত দলটি জামায়াত নেতৃত্বাধীন জোটে গিয়ে একই ধরনের মিথ্যাচার শিখেছে।
রাশেদ খান আরও বলেন, এনসিপি সোমবার সংবাদ সম্মেলনের মাধ্যমে সরকারের ১৮০ দিনের ব্যর্থতার চিত্র তুলে ধরবে। তবে দলটির নেতাদের বক্তব্যও হামিদুর রহমান আযাদের বক্তব্যের মতোই অপতথ্যে ভরপুর থাকে বলে অভিযোগ করেন তিনি।
তার ভাষ্য, আত্মবিশ্বাসের সঙ্গে গুজব, মিথ্যা ও প্রোপাগান্ডা প্রচারে জামায়াত-এনসিপি ইতোমধ্যে ‘চ্যাম্পিয়ন’ হয়েছে—এমন আলোচনা মানুষের মধ্যে শুরু হয়েছে।
সবশেষে রাশেদ খান বলেন, সরকারি দলের ১৮০ দিনের কর্মকাণ্ডের মূল্যায়ন যেমন প্রয়োজন, তেমনি বিরোধী দলগুলো ছয় মাসে কী ধরনের গুজব, প্রোপাগান্ডা ও ঘৃণা ছড়িয়েছে, তারও মূল্যায়ন করা উচিত।
প্রাইমটিভি/এমআর

প্রাইম রিপোর্ট
© ২০২৬ প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।








