সংসদ ও সংসদের বাইরে বৈষম্যের শিকার বিরোধীদল: ডা. শফিকুর রহমান

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বিরোধী দল হিসেবে যেসব সাংবিধানিক ও রাজনৈতিক অধিকার পাওয়ার কথা, তার বড় একটি অংশ থেকেই বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
তিনি বলেন, সংসদের ভেতরে ও বাইরে বিভিন্ন ক্ষেত্রে বিরোধী দলের সঙ্গে বৈষম্য করা হচ্ছে। এ বৈষম্য কোনোভাবেই মেনে নেওয়া হবে না।
মঙ্গলবার (২৫ আগস্ট) রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কার্যালয়ে প্রথমবারের মতো পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন ডা. শফিকুর রহমান।
বিরোধীদলীয় নেতা বলেন, ‘ইতিহাসের গুরুত্বপূর্ণ একটি সময় জাতি হিসেবে আমরা পার করছি। বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে যে যাত্রা শুরু হয়েছিল, সেই স্বপ্নভঙ্গ হয়েছে। নির্বাচন নিয়ে নানা প্রশ্ন থাকলেও দেশের স্বার্থে বিরোধী দল ভোট মেনে নিয়েছে। কিন্তু সরকার পদে পদে বিরোধী দল ও দেশের মানুষের সঙ্গে বৈষম্য করছে। বিরোধী দল হিসেবে এই বৈষম্য মেনে নেওয়া হবে না।’
তিনি আরও বলেন, সংসদ ও সংসদের বাইরে বিরোধী দল বঞ্চনার শিকার হচ্ছে। দেশের উন্নয়ন কর্মকাণ্ডে সরকারি দলের তুলনায় বিরোধী দলকে খুবই নগণ্য বাজেট বরাদ্দ দেওয়া হচ্ছে। সংরক্ষিত নারী আসনের সদস্যদের ক্ষেত্রেও একই ধরনের বৈষম্য করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
এ সময় গণভোটের রায় বাস্তবায়ন নিয়েও সরকারের সমালোচনা করেন জামায়াত আমির। তার অভিযোগ, ভোটের আগে সরকার গণভোটের বিষয়ে সম্মত থাকলেও ভোটের পর তারা অবস্থান পরিবর্তন করেছে।
তিনি বলেন, গণভোটের রায় জনগণের প্রত্যাশার সঙ্গে সম্পৃক্ত। তাই জনগণের দেওয়া রায় যথাযথভাবে বাস্তবায়নে সরকারের দায়িত্বশীল ভূমিকা পালন করা উচিত।
প্রাইমটিভি/এমআর

প্রাইম রিপোর্ট
© ২০২৬ প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।








