শিক্ষার্থীদের প্রতি বছর বর্ষায় একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান । প্রাইম টিভি
প্রতি বছর বর্ষা মৌসুমে দেশের প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, শিক্ষকদের প্রশিক্ষণ, শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা এবং বিদ্যালয়ভিত্তিক বিভিন্ন কল্যাণমূলক উদ্যোগের কথাও তুলে ধরেছেন তিনি।
বুধবার (১৫ জুলাই) রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘প্রাথমিক শিক্ষা পদক ২০২৬’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, প্রাথমিক শিক্ষা ব্যবস্থার বিভিন্ন সমস্যা সমাধানে সরকার কাজ করছে। শিক্ষকদের মানসম্মত প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীদের সঠিক শিক্ষা নিশ্চিত করা হবে। পাশাপাশি পরিবার, ধর্মীয় শিক্ষা ও সামাজিক মূল্যবোধ গড়ে তুলতে শিক্ষকদের আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
প্রধানমন্ত্রী জানান, মেয়েদের উচ্চশিক্ষা বিস্তারে অনার্স পর্যন্ত শিক্ষা বিনামূল্যে করা হয়েছে। এছাড়া পর্যায়ক্রমে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সব শিক্ষার্থীকে নতুন স্কুল ড্রেস দেওয়া হবে। শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত করতে বিদ্যালয়ে মিড ডে মিল চালুর কাজও এগিয়ে চলছে বলে জানান তিনি।
অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন বলেন, আগামীর বাংলাদেশ গড়তে নতুন প্রজন্মকে দক্ষ ও মানবিক হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে। শিক্ষার্থীদের মোবাইল আসক্তি কমাতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে এবং জাতি গঠনে সরকারের নির্দেশনা বাস্তবায়নে শিক্ষা মন্ত্রণালয় কাজ করে যাবে।
পরে জাতীয় পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী ক্ষুদে শিক্ষার্থীদের হাতে ‘প্রাথমিক শিক্ষা পদক ২০২৬’ তুলে দেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদান রাখায় শ্রেষ্ঠ শিক্ষক, ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান করা হয়।
এর আগে, বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে একটি নিমগাছ রোপণের মাধ্যমে দেশব্যাপী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

ডেস্ক রিপোর্ট
© ২০২৬ প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।









