শিক্ষার্থীদের ‘লংমার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ ঘিরে নীলক্ষেত ও সায়েন্সল্যাবে পুলিশ-বিজিবির কড়া অবস্থান

নীলক্ষেতে বিজিবির কড়া অবস্থান । প্রাইম টিভি
শিক্ষার্থীদের ঘোষিত ‘লংমার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা জোরদার করেছিল আইনশৃঙ্খলা বাহিনী। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে নীলক্ষেত মোড়ে এক প্লাটুন বিজিবি এবং সায়েন্সল্যাব এলাকায় অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়।
বুধবার (১৫ জুলাই) দুপুরে নীলক্ষেত, সায়েন্সল্যাব, শাহবাগ ও আশপাশের এলাকায় নিরাপত্তা বাহিনীর কড়া অবস্থান দেখা গেলেও, এইচএসসি ও সমমানের পরীক্ষা শেষে ঘোষিত কর্মসূচি অনুযায়ী শিক্ষার্থীদের কোনো জমায়েত দেখা যায়নি।
দুপুর ২টার পর সরেজমিনে দেখা যায়, নীলক্ষেত ও সায়েন্সল্যাবসহ আশপাশের এলাকায় পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক। অতিরিক্ত মোতায়েন করা পুলিশ ও বিজিবি সদস্যরাও সেখান থেকে সরে যান। যান চলাচলও ছিল স্বাভাবিক এবং কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
এর আগে শিক্ষার্থীরা ঘোষণা দিয়েছিল, এইচএসসি পরীক্ষা শেষে উত্তরা বিএনএস সেন্টার, শাহবাগ, সায়েন্সল্যাব ও মগবাজারে জড়ো হয়ে শিক্ষা মন্ত্রণালয়ের উদ্দেশে ‘লংমার্চ’ কর্মসূচি পালন করবে।
সম্প্রতি বৈরী আবহাওয়ার মধ্যেও এইচএসসি পরীক্ষা আয়োজন, পদার্থবিজ্ঞান প্রথমপত্রের প্রশ্নে ভুল এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া শিক্ষামন্ত্রীর একটি মন্তব্যকে ঘিরে দেশজুড়ে সমালোচনার সৃষ্টি হয়। এসব ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা প্রথমে আট দফা, পরে তিন দফা দাবি ঘোষণা করে আন্দোলন শুরু করেন।
মঙ্গলবার রাতে জাতীয় সংসদে শিক্ষামন্ত্রী দুঃখ প্রকাশ করেন এবং পদার্থবিজ্ঞান, হিসাববিজ্ঞান ও যুক্তিবিদ্যা প্রথমপত্রের পরীক্ষা পুনরায় নেওয়ার ঘোষণা দেন। তবে আন্দোলনরত শিক্ষার্থীরা সেই ঘোষণায় সন্তুষ্ট নন। তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় থেকে নতুন কর্মসূচি ঘোষণা করেছেন।
প্রাইমটিভি/এনজি

ডেস্ক রিপোর্ট
© ২০২৬ প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।









