ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সেমিফাইনালে স্পেনের কাছে ২-০ গোলে হেরে টুর্নামেন্ট থেকে ফ্রান্সের বিদায়ের পর দেশটির বিভিন্ন এলাকায় উত্তেজনা ও বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) রাতের ম্যাচ শেষে রাজধানী প্যারিস ও লিওঁ শহরে বিক্ষুব্ধ সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় ১৬০ জনের বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার এ তথ্য জানিয়েছে সম্প্রচারমাধ্যম বিএফএমটিভি। তবে এসব ঘটনায় গুরুতর হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

প্যারিস পুলিশ প্রিফেকচারের তথ্য অনুযায়ী, ম্যাচ-পরবর্তী সহিংসতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে প্যারিস অঞ্চল থেকে ১৪১ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে পুলিশ সদস্য ও জরুরি সেবাকর্মীদের লক্ষ্য করে আতশবাজি এবং ফায়ারওয়ার্ক মর্টার নিক্ষেপের অভিযোগ আনা হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি উত্তপ্ত হলেও এতে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি বা গুরুতর আহত হওয়ার ঘটনা ঘটেনি।

এদিকে সেমিফাইনাল ম্যাচটি দেখতে লিওঁর প্লেস বেলেক্যুরে কয়েকশ দর্শক জড়ো হয়েছিলেন। স্পেনের জয় নিশ্চিত হওয়ার পর সেখানে কিছু লোক দলবদ্ধ হয়ে পুলিশের দিকে আতশবাজি ও বিভিন্ন বস্তু ছুড়ে মারতে শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত দাঙ্গা পুলিশ অভিযান চালায় এবং বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে প্রায় ২০ জনকে গ্রেপ্তার করে।

স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী, লিওঁতে আটক ব্যক্তিদের জন্ম ২০০২ থেকে ২০১১ সালের মধ্যে। সেখানেও কোনো হতাহত বা উল্লেখযোগ্য সম্পত্তির ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

প্রাইমটিভি/এমআর