রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের হাউলি জয়পুর এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের (২৮) মৃত্যু হয়েছে।

বুধবার (১৫ জুলাই) বিকেলে স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে রাজবাড়ী রেলওয়ে (জিআরপি) পুলিশ ঘটনাস্থল থেকে ছিন্নভিন্ন অবস্থায় মরদেহ উদ্ধার করে। পরে মরদেহটি রাজবাড়ী রেলওয়ে স্টেশনে নিয়ে আসা হয়।

স্থানীয়দের ধারণা, মঙ্গলবার গভীর রাতের কোনো এক সময় ওই যুবক চলন্ত ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই নিহত হন। তবে তিনি কোন ট্রেনে কাটা পড়েছেন, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। নিহতের পরিচয়ও এখন পর্যন্ত শনাক্ত করা সম্ভব হয়নি।

রাজবাড়ী রেলওয়ে (জিআরপি) থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মনিরুল ইসলাম বলেন, “ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে সেটি রাজবাড়ী রেলওয়ে স্টেশনে আনা হয়েছে। কোন ট্রেনে কাটা পড়েছেন, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। পরিচয় শনাক্তের পর আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”

পুলিশ জানিয়েছে, নিহতের পরিচয় শনাক্তে আশপাশের থানা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে। এছাড়া ঘটনাটির প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে।

প্রাইমটিভি/এমএইচ