মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও তীব্র আকার ধারণ করেছে। ইরানের সামরিক স্থাপনায় মার্কিন বিমান হামলা এবং নৌ-অবরোধের জবাবে উপসাগরীয় তিনটি দেশে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে তেহরান।

বুধবার (১৫ জুলাই) ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, মার্কিন সামরিক অভিযানের প্রতিক্রিয়ায় এই পাল্টা হামলা চালানো হয়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্র তার সামরিক অভিযান বন্ধ না করা পর্যন্ত বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ইরান।

ইরানের পক্ষ থেকে দাবি করা হয়েছে, মার্কিন হামলার জবাব হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে এবং ভবিষ্যতেও আগ্রাসন অব্যাহত থাকলে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

হরমুজ প্রণালি দিয়ে বিশ্বের মোট সমুদ্রপথে পরিবাহিত তেল ও গ্যাসের প্রায় এক-পঞ্চমাংশ পরিবহন হয়। ফলে এই নৌপথ বন্ধ থাকলে আন্তর্জাতিক জ্বালানি বাজারে বড় ধরনের অস্থিরতা সৃষ্টি হওয়ার আশঙ্কা করছেন বিশ্লেষকেরা।

অন্যদিকে, যুক্তরাষ্ট্র এখনো ইরানের হামলার ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের বিষয়ে আনুষ্ঠানিক কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করেনি। পরিস্থিতির ওপর নজর রাখছে আন্তর্জাতিক মহল। মধ্যপ্রাচ্যে চলমান এই উত্তেজনা আরও বিস্তৃত সংঘাতে রূপ নিতে পারে বলে আশঙ্কা বাড়ছে।

প্রাইমটিভি/এমএইচ