গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে দুই দিন ধরে ভাসতে থাকা একটি ফিশিং বোটসহ ১৯ জন জেলেকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। উদ্ধার অভিযানের পর জেলেদের প্রাথমিক চিকিৎসা ও খাবারের ব্যবস্থা করা হয়েছে।

বুধবার (১৫ জুলাই) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি বলেন, গত ৮ জুলাই ‘এফবি মা-২’ নামের একটি ফিশিং বোটে ১৯ জন জেলে হাতিয়া থেকে গভীর সমুদ্রে মাছ ধরতে যান। পরে ১৩ জুলাই বোটটির ইঞ্জিন বিকল হয়ে গেলে সেটি সাগরে ভাসতে থাকে। নেটওয়ার্কের বাইরে থাকায় জেলেরা কারও সঙ্গে যোগাযোগ করতে পারেননি।

দুই দিন পর বুধবার সকাল ১০টার দিকে বোটটি মোবাইল নেটওয়ার্কের আওতায় এলে একজন জেলে কোস্ট গার্ডকে বিষয়টি জানান। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে কোস্ট গার্ড স্টেশন ভাসানচর এবং অপারেশন সুরক্ষা–এ নিয়োজিত জাহাজ বিসিজিএস কুতুবদিয়া যৌথভাবে উদ্ধার অভিযান পরিচালনা করে।

অভিযানে চট্টগ্রামের নরম্যান্স পয়েন্টের পশ্চিমে গভীর সমুদ্র এলাকা থেকে বিকল ফিশিং বোটসহ ১৯ জন জেলেকে জীবিত উদ্ধার করা হয়।

কোস্ট গার্ড জানায়, উদ্ধার হওয়া জেলেদের প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা ও খাবার দেওয়া হয়েছে। পাশাপাশি ফিশিং বোটসহ তাঁদের মালিকপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

কোস্ট গার্ড আরও জানায়, সমুদ্র ও উপকূলীয় অঞ্চলে জেলেদের নিরাপত্তা নিশ্চিত করতে বাহিনীটি নিয়মিত টহল ও উদ্ধার কার্যক্রম পরিচালনা করে আসছে।

প্রাইমটিভি/এমএইচ