আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে ‘রেড অ্যালার্ট’ জারি করল এফবিআই

ছবি: সংগৃহীত
ফিফা বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে আজ বুধবার দিবাগত রাত ১টায় মুখোমুখি হবে ফুটবলের দুই পরাশক্তি আর্জেন্টিনা ও ইংল্যান্ড। ২০০২ সালের পর বিশ্বকাপের মঞ্চে প্রথমবারের মতো দেখা হচ্ছে দুই দলের। তবে বহুল প্রতীক্ষিত এই লড়াইয়ের উত্তেজনা কেবল মাঠেই সীমাবদ্ধ থাকছে না; দুই দেশের ঐতিহাসিক ও রাজনৈতিক বৈরিতার কারণে ম্যাচটিকে উচ্চ ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করে ‘রেড অ্যালার্ট’ জারি করেছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই।
মার্কিন গোয়েন্দাদের মূল্যায়নে, এবারের বিশ্বকাপের সবচেয়ে ঝুঁকিপূর্ণ ম্যাচগুলোর একটি এটি। সেই কারণে স্বাগতিক কর্তৃপক্ষ নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেছে। দুই দেশের সমর্থকদের মধ্যে সম্ভাব্য উত্তেজনা ও সংঘাতের আশঙ্কায় আটলান্টা পুলিশ বিভাগ পুরো শহরজুড়ে অতিরিক্ত নিরাপত্তা মোতায়েন করেছে।
স্টেডিয়াম এলাকা, বিনোদন কেন্দ্র এবং দর্শনার্থীদের ভিড় থাকে এমন বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ সদস্য ও নিরাপত্তা সরঞ্জাম মোতায়েন করা হয়েছে। এক বিবৃতিতে আটলান্টা পুলিশ জানিয়েছে, ঐতিহাসিক এই সেমিফাইনালকে ঘিরে শহরের নিরাপত্তা ব্যবস্থা উন্নত করা হয়েছে। অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধ এবং বাসিন্দা ও দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতেই আগাম এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
আর্জেন্টিনা ও ইংল্যান্ডের দীর্ঘদিনের ফুটবল বৈরিতার পেছনে রয়েছে ১৯৮২ সালের ফকল্যান্ড যুদ্ধ। ৭৪ দিনব্যাপী সেই যুদ্ধে ৬৪৯ জন আর্জেন্টাইন সৈন্য, ২৫৫ জন ব্রিটিশ সেনা এবং তিনজন বেসামরিক নাগরিক নিহত হন। আর্জেন্টিনা দ্বীপপুঞ্জটিকে ‘লাস মালভিনাস’ নামে দাবি করে এবং অঞ্চলটির সার্বভৌমত্ব নিয়ে দুই দেশের বিরোধ এখনও অব্যাহত রয়েছে।
এদিকে, চলতি বিশ্বকাপের শেষ ষোলোতে মিশরকে নাটকীয়ভাবে হারানোর পর আর্জেন্টিনার খেলোয়াড়দের ড্রেসিংরুমে একটি গান গাইতে দেখা যায়। সেই গানে ফকল্যান্ড বা লাস মালভিনাস দ্বীপপুঞ্জের পাশাপাশি কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনা ও বর্তমান অধিনায়ক লিওনেল মেসির নামও উল্লেখ করা হয়।
প্রাইমটিভি/এমআর

ডেস্ক রিপোর্ট
© ২০২৬ প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।









