সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় আনার বিষয়ে সরকারের অবস্থান পুনর্ব্যক্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, শেখ হাসিনার আত্মসমর্পণের কোনো সুযোগ নেই। প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী তাঁকে দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠানো হয়েছে। দেশে ফিরিয়ে আনার পর তাঁকে গ্রেফতার করে আদালতের রায় কার্যকর করা হবে।

বুধবার (১৫ জুলাই) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত ‘গণঅভ্যুত্থানের বাঁক বদলের দিন’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিদেশে অবস্থানরত সাবেক সরকারের মন্ত্রী, সংসদ সদস্য ও কর্মকর্তাদের ফিরিয়ে আনতে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তারি পরোয়ানা জারির উদ্যোগ নেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় সাবেক আইজিপি বেনজীর আহমেদকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে বলেও দাবি করেন তিনি।

আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, সরকার কোনো নির্বাহী আদেশে (এক্সিকিউটিভ অর্ডার) কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে নয়। বরং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং আদালতের আইনানুগ বিচারিক প্রক্রিয়ার মাধ্যমেই দলটির বিষয়ে সিদ্ধান্ত হওয়া উচিত।

তিনি জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) আইন এবং সন্ত্রাসবিরোধী আইনে প্রয়োজনীয় সংশোধন আনা হয়েছে। এর ফলে ব্যক্তি হিসেবে শেখ হাসিনার পাশাপাশি আওয়ামী লীগকেও সংগঠন হিসেবে বিচারের আওতায় আনার সুযোগ তৈরি হয়েছে। সংবিধানের ৪৭ অনুচ্ছেদেও গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে কোনো সংগঠনের বিচার করার বিধান রয়েছে বলে উল্লেখ করেন তিনি।

বক্তব্যে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের প্রসঙ্গ তুলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ওই আন্দোলনের মাধ্যমে অর্জিত গণতন্ত্র ও স্বাধীনতার চেতনাকে রক্ষা করা দেশের সব মানুষের দায়িত্ব। তিনি ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য অটুট রাখার আহ্বান জানান এবং বলেন, ভবিষ্যতে যেন কোনো স্বৈরাচারী শক্তি গণতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করতে না পারে, সে লক্ষ্যে রাষ্ট্র ও সংবিধানের প্রয়োজনীয় সংস্কার করা হবে।

তিনি আরও বলেন, ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর স্বাক্ষরিত ‘জাতীয় জুলাই সনদ’ অনুযায়ী সংবিধান ও প্রয়োজনীয় আইন সংস্কারে সরকার অঙ্গীকারবদ্ধ। একই সঙ্গে জুলাই আন্দোলনের কৃতিত্ব কোনো একক দল বা গোষ্ঠীর নয়, বরং দেশের সাধারণ মানুষের—এ মন্তব্যও করেন তিনি।

সভায় বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।

প্রাইমটিভি/এমএইচ