চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে সৃষ্ট পরিস্থিতির মধ্যে পরীক্ষার্থীদের জন্য পাঁচ দফা শিক্ষার্থীবান্ধব উদ্যোগের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন। তিনি জানিয়েছেন, বৈরী আবহাওয়া বা অনিবার্য কারণে কোনো পরীক্ষার্থী নির্ধারিত বিষয়ে পরীক্ষায় অংশ নিতে না পারলে তাঁকে পুনরায় পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হবে।

বুধবার (১৫ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে ‘এইচএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পাদনে শিক্ষার্থীবান্ধব পাঁচটি উদ্যোগ’ শিরোনামে দেওয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দেন।

মাহদী আমিন বলেন, যেসব পরীক্ষার্থী প্রতিকূল আবহাওয়া বা অনিবার্য কারণে চলমান এইচএসসি ও সমমান পরীক্ষার কোনো বিষয়ে অংশ নিতে পারেননি, তাঁরা চট্টগ্রাম শিক্ষা বোর্ডের একই বিষয়ে স্থগিত হওয়া পরীক্ষার দিন শিক্ষা মন্ত্রণালয় নির্ধারিত একই সময় ও অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষায় অংশ নিতে পারবেন।

তিনি আরও জানান, বুধবার চট্টগ্রাম শিক্ষা বোর্ড ছাড়া দেশের ২ হাজার ৫৮৩টি কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আবহাওয়ার উন্নতি এবং শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের কথাও উল্লেখ করেন তিনি।

সরকারের ঘোষিত উদ্যোগগুলো

  • পরীক্ষা মিস করলেও আবার সুযোগ: বৈরী আবহাওয়া বা অনিবার্য কারণে পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীরা চট্টগ্রাম বোর্ডের স্থগিত হওয়া সংশ্লিষ্ট বিষয়ের পরীক্ষার দিন একই প্রশ্নপত্রে পুনরায় পরীক্ষা দিতে পারবেন।

  • পূর্বঘোষিত সূচি অনুযায়ী পরীক্ষা: বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ সুপার, শিক্ষা বোর্ড, আবহাওয়া অধিদপ্তর ও সংশ্লিষ্টদের মতামতের ভিত্তিতে অধিকাংশ শিক্ষার্থীর স্বার্থ বিবেচনায় চট্টগ্রাম বোর্ড ছাড়া সারা দেশে পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী পরীক্ষা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

  • স্থানীয় প্রশাসনকে বিশেষ ক্ষমতা: কোথাও জলাবদ্ধতা বা যাতায়াতে সমস্যা দেখা দিলে কেন্দ্র পরিবর্তন, পরীক্ষা স্থগিত কিংবা পরীক্ষার সময় বৃদ্ধি করার মতো প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে স্থানীয় প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে।

  • শিক্ষার্থীদের নিরাপদ অংশগ্রহণ নিশ্চিত করা: আবহাওয়া ও স্থানীয় পরিস্থিতি বিবেচনায় পরীক্ষার্থীরা যাতে নিরাপদে কেন্দ্রে পৌঁছাতে পারে, সে বিষয়ে প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

  • পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ: দেশের সার্বিক আবহাওয়া ও বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রয়োজনে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার জন্য শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট সংস্থাগুলোকে প্রস্তুত রাখা হয়েছে।

উল্লেখ্য, গত সোমবারের এইচএসসি পরীক্ষা পুনরায় নেওয়ার দাবিতে মঙ্গলবার রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থীরা বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন। বুধবারও তাঁদের আন্দোলন অব্যাহত রয়েছে। এর মধ্যেই পরীক্ষার্থীদের স্বার্থে নতুন এই পাঁচ দফা উদ্যোগের ঘোষণা এলো।

প্রাইমটিভি/এমএইচ