৮ দিন পর খুলল সাজেক ভ্যালিসহ বাঘাইছড়ির সব পর্যটন কেন্দ্র

ছবিঃ সংগৃহীত
টানা আট দিন বন্ধ থাকার পর অবশেষে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাজেক ভ্যালিসহ সব পর্যটন এলাকা আবারও পর্যটকদের জন্য উন্মুক্ত করে দিয়েছে জেলা প্রশাসন। বন্যা ও প্রাকৃতিক দুর্যোগ পরিস্থিতির উন্নতি হওয়ায় বুধবার (১৫ জুলাই) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে।
বুধবার বিকেলে রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয়ের জুডিসিয়াল মুন্সিখানা শাখা থেকে জারি করা এক জরুরি গণবিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। জেলা ম্যাজিস্ট্রেট নাজমা আশরাফীর স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পূর্বে জারি করা পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে সাজেক ভ্যালিসহ বাঘাইছড়ি উপজেলার সব পর্যটনকেন্দ্র ভ্রমণের জন্য উন্মুক্ত করা হয়েছে।
গত ৭ জুলাই পাহাড়ি ঢল, টানা বৃষ্টি ও বন্যাজনিত ঝুঁকির কারণে সাজেক ভ্যালিতে পর্যটকদের যাতায়াত সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছিল জেলা প্রশাসন। ওই সময় সড়ক যোগাযোগ ব্যাহত হওয়ায় পর্যটন কার্যক্রম পুরোপুরি স্থবির হয়ে পড়ে।
তবে ভ্রমণ উন্মুক্ত করলেও বর্ষা মৌসুমে পর্যটকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে প্রশাসন। রাস্তাঘাট ও পাহাড়ের পরিস্থিতি বিবেচনায় জেলা প্রশাসনের পরবর্তী নির্দেশনা মেনে চলার জন্যও পর্যটক ও স্থানীয়দের অনুরোধ করা হয়েছে।
সাজেকে পর্যটক প্রবেশ বন্ধ থাকায় গত আট দিনে স্থানীয় রিসোর্ট, হোটেল, কটেজ, রেস্তোরাঁ এবং জিপ (চাঁদের গাড়ি) চালকসহ পর্যটননির্ভর ব্যবসায়ীরা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েন। নতুন সিদ্ধান্তে তাঁদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
রিসোর্ট কটেজ ওনার্স অ্যাসোসিয়েশন অব সাজেকের সভাপতি সুপর্ণ দেব বর্মন বলেন, গত আট দিন ব্যবসা কার্যত বন্ধ ছিল। বর্ষাকালেই সাজেকের প্রাকৃতিক সৌন্দর্য সবচেয়ে বেশি উপভোগ করা যায়। তাই পর্যটনকেন্দ্রটি পুনরায় খুলে দেওয়ায় আবারও পর্যটকদের আগমন বাড়বে এবং স্থানীয় ব্যবসায় নতুন গতি ফিরবে বলে আশা করছেন তাঁরা।
প্রাইমটিভি/এমএইচ

ডেস্ক রিপোর্ট
© ২০২৬ প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।





