আজ এইচএসসি পরীক্ষায় বহিষ্কার ১৫ জন, অনুপস্থিত ২০ হাজার

ছবিঃ সংগৃহীত
চট্টগ্রাম শিক্ষা বোর্ড ছাড়া দেশের বাকি সব শিক্ষা বোর্ডে অনুষ্ঠিত হয়েছে এইচএসসি ও সমমান পরীক্ষার সপ্তম দিনের পরীক্ষা। নকল, অনিয়ম ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এদিন মোট ১৫ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে নির্ধারিত পরীক্ষায় ২০ হাজার ৫২ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।
বুধবার (১৫ জুলাই) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আখতারুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, আটটি সাধারণ শিক্ষা বোর্ডে পদার্থবিজ্ঞান, হিসাববিজ্ঞান ও যুক্তিবিদ্যা দ্বিতীয় বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এসব বোর্ডে মোট ৪ লাখ ৫৩ হাজার ৮৩৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৪ লাখ ৪১ হাজার ৭৩৮ জন পরীক্ষায় অংশ নেন। অনুপস্থিত ছিলেন ১২ হাজার ১০১ জন, যা মোট পরীক্ষার্থীর ২ দশমিক ৬৯ শতাংশ। এদিন সাধারণ শিক্ষা বোর্ডগুলোতে ১০ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
সাধারণ শিক্ষা বোর্ডগুলোর মধ্যে সবচেয়ে বেশি অনুপস্থিত ছিল ঢাকা শিক্ষা বোর্ডে, যেখানে পরীক্ষায় অংশ নেয়নি ৩ হাজার ৪৫০ জন। আর সবচেয়ে কম অনুপস্থিতি ছিল সিলেট শিক্ষা বোর্ডে, যেখানে অনুপস্থিত ছিলেন ১৯৯ জন।
অন্যদিকে, মাদ্রাসা শিক্ষা বোর্ডে আরবি দ্বিতীয় পত্রের পরীক্ষায় ৬৮ হাজার ৪৬১ জন পরীক্ষার্থীর মধ্যে ৬৩ হাজার ৬০৬ জন অংশ নেয়। অনুপস্থিত ছিল ৪ হাজার ৮৫৫ জন, যা মোট পরীক্ষার্থীর ৭ দশমিক ০৯ শতাংশ। এ বোর্ডে নকল ও অনিয়মের দায়ে ৫ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
এ ছাড়া বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা-২, উচ্চতর গণিত-২ এবং উচ্চতর হিসাববিজ্ঞান বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়। মোট ৮০ হাজার ৩০৪ জন পরীক্ষার্থীর মধ্যে ৭৭ হাজার ২০৮ জন পরীক্ষায় অংশ নেয়। অনুপস্থিত ছিল ৩ হাজার ৮৬ জন, যা ৩ দশমিক ৬৬ শতাংশ। তবে কারিগরি শিক্ষা বোর্ডে কোনো পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়নি।
সব মিলিয়ে সপ্তম দিনের এইচএসসি ও সমমান পরীক্ষায় ২০ হাজার ৫২ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন এবং ১৫ জনকে বহিষ্কার করা হয়েছে।
প্রাইমটিভি/এমএইচ

ডেস্ক রিপোর্ট
© ২০২৬ প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।





