আওয়ামী লীগ সরকারের পতনের পর স্বতন্ত্র পরিচালকদের মাধ্যমে পরিচালিত আল-আরাফাহ ইসলামী ব্যাংকের পরিচালনার দায়িত্ব আবারও উদ্যোক্তা পরিচালকদের হাতে ফিরিয়ে দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বুধবার (১৫ জুলাই) কেন্দ্রীয় ব্যাংক ১২ জন উদ্যোক্তা পরিচালক ও দুইজন স্বতন্ত্র পরিচালককে নিয়ে ১৪ সদস্যের নতুন পরিচালনা পর্ষদ গঠন করেছে।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বিষয়টি নিশ্চিত করে জানান, ২০২৪ সালের আগস্টের পর থেকে পাঁচ সদস্যের স্বতন্ত্র পরিচালকের মাধ্যমে ব্যাংকটির কার্যক্রম পরিচালিত হচ্ছিল। তবে বর্তমানে ব্যাংকটির আর্থিক অবস্থার উন্নতি হওয়ায় উদ্যোক্তাদের কাছে পরিচালনার দায়িত্ব ফিরিয়ে দেওয়া হয়েছে।

তিনি বলেন, কেন্দ্রীয় ব্যাংক মোট ১৬টি ব্যাংকের পর্ষদ ভেঙে দিয়েছিল। এর মধ্যে আল-আরাফাহ ইসলামী ব্যাংকের আর্থিক পরিস্থিতি আগের তুলনায় ভালো হওয়ায় এবং উদ্যোক্তাদের পাওয়া যাওয়ায় তাদের হাতে আবারও ব্যাংকের পরিচালনার দায়িত্ব তুলে দেওয়া হয়েছে। অন্যদিকে, যেসব ব্যাংকের পর্ষদ ভেঙে দেওয়া হয়েছিল, সেগুলোর অনেক উদ্যোক্তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না।

নতুন ১৪ সদস্যের পরিচালনা পর্ষদে কেডিএস গ্রুপের চেয়ারম্যান খলিলুর রহমান, কেডিএস গার্মেন্টসের প্রতিনিধি পরিচালক মাহবুব আহমেদ এবং কেডিএস টেক্সটাইলের প্রতিনিধি পরিচালক ফরিদ উদ্দিন আহমেদ স্থান পেয়েছেন। এছাড়া রয়েছেন ব্যাংকটির সাবেক চেয়ারম্যান বদিউর রহমান, সর্বশেষ জাতীয় নির্বাচনে ঢাকা-৭ আসনে জামায়াতের প্রার্থী এনায়েত উল্লাহ, সেলিম রহমান, আহামেদুল হক, রফিকুল ইসলাম, ইমাদুর রহমান, নাজমুল আহসান খালেদ, আনোয়ার হোসাইন, আবদুস সালাম, লিয়াকত আলী চৌধুরী এবং কেওয়াই স্টিল মিলসের প্রতিনিধি পরিচালক শরিফ উদ্দিন তসলিম। দুইজন স্বতন্ত্র পরিচালকও নতুন পর্ষদে অন্তর্ভুক্ত রয়েছেন।

উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের সময় আল-আরাফাহ ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ছিলেন এস আলম গ্রুপের সঙ্গে সংশ্লিষ্ট আব্দুস সামাদ লাবু। পরে রাজনৈতিক পটপরিবর্তনের পর কেন্দ্রীয় ব্যাংক ব্যাংকটির পর্ষদ ভেঙে দিয়ে খাজা শাহরিয়ারকে চেয়ারম্যান করে পাঁচ সদস্যের স্বতন্ত্র পরিচালনা পর্ষদ নিয়োগ দিয়েছিল। ওই পর্ষদে মো. শাহীন উল ইসলাম, মো. আব্দুল ওয়াদুদ, এম আবু ইউসুফ এবং মোহাম্মদ আশরাফুল হাসান স্বতন্ত্র পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

প্রাইমটিভি/এমআর