আইসিসির বড় দায়িত্বে তামিম, তার অধীনেই ‘বিগ থ্রি’র কর্তারা

ছবিঃ সংগৃহীত
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হওয়ার পর এবার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) গুরুত্বপূর্ণ দায়িত্বও পেলেন তামিম ইকবাল। আইসিসির ফ্র্যাঞ্চাইজি লিগস কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে বাংলাদেশের সাবেক অধিনায়ককে। ফলে বিসিবির পাশাপাশি বিশ্ব ক্রিকেটে ফ্র্যাঞ্চাইজি লিগ–সংক্রান্ত নীতিনির্ধারণী কার্যক্রমেও নেতৃত্ব দেবেন তিনি।
আইসিসি আনুষ্ঠানিকভাবে এ কমিটির ঘোষণা দিয়েছে। বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি লিগের দ্রুত বিস্তার, আন্তর্জাতিক ক্রিকেটের সূচির ওপর এর প্রভাব এবং ক্রিকেটারদের সুরক্ষাসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে কাজ করবে এই কমিটি।
তামিমের নেতৃত্বাধীন কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন বিশ্বের প্রভাবশালী ক্রিকেট বোর্ডগুলোর শীর্ষ কর্মকর্তারা। তাঁদের মধ্যে আছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সচিব দেবজিত সাইকিয়া, ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) প্রধান নির্বাহী রিচার্ড গুল্ড, ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান টড গ্রিনবার্গ এবং ক্রিকেট নামিবিয়ার ডা. রুডি ভন ভুরেন।
এদিকে আইসিসির বোর্ড সভায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নবনির্বাচিত সভাপতি তামিম ইকবালকে সংস্থাটির ফুল মেম্বার ডিরেক্টর হিসেবেও স্বীকৃতি দেওয়া হয়েছে।
সভায় সদস্য দেশগুলোর বিভিন্ন বিষয়েও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। আইসিসি জানিয়েছে, নির্বাচিত পরিচালনা পর্ষদ গঠনের আগ পর্যন্ত শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড আইসিসি বোর্ড সভায় প্রতিনিধিত্ব করতে পারবে না। অন্যদিকে সদস্যপদ–সংক্রান্ত মানদণ্ড লঙ্ঘনের অভিযোগে ফ্রান্স ক্রিকেটকে সতর্ক (অন নোটিশ) অবস্থায় রাখা হয়েছে। স্থগিত থাকা কানাডার সদস্যপদ পুনর্বহালের জন্যও নির্দিষ্ট শর্ত বেঁধে দিয়েছে আইসিসি।
এ ছাড়া আর্থিক সংকটে থাকা ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটকে সহায়তা দিতে ১২ দশমিক ৮২ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় দেড়শ কোটি টাকার বেশি) আর্থিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আইসিসি।
ফ্র্যাঞ্চাইজি লিগস কমিটির পাশাপাশি আইসিসি একটি গভর্ন্যান্স রিভিউ কমিটি গঠন করেছে। এই কমিটিতে চেয়ারম্যান না থাকলেও সদস্য হিসেবে রয়েছেন দেবজিত সাইকিয়া, ক্রিকেট দক্ষিণ আফ্রিকার ডা. মোহাম্মদ মুসাজি এবং আইসিসির স্বাধীন পরিচালক ডা. রস রিভাজ।
প্রাইমটিভি/এমএইচ

ডেস্ক রিপোর্ট
© ২০২৬ প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।









