স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো প্রাইভেট কারে মিলল ৬ হাজার ইয়াবা

ছবি: সংগৃহীত
কক্সবাজারের রামু উপজেলায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো একটি প্রাইভেট কারে ৬ হাজার ইয়াবা পাচারের সময় তিন মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
বুধবার (১৫ জুলাই) সকাল ১০টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের রামু উপজেলার জোয়ারিনালা ইউনিয়নের রাবার বাগান এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার শালুকিয়া এলাকার আব্দুল গফুরের ছেলে সাব্বির হোসেন (৩৬), নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পশ্চিম নাউ এলাকার মৃত শহীদুল ইসলাম সবুজের মেয়ে সীমা ইসলাম (২২) এবং ঢাকার দারুসসালাম থানার শাকিল মৃধার স্ত্রী উর্মি আক্তার ঊষা (১৮)।
বিষয়টি নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের উপপরিচালক সোমেন মন্ডল জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, একটি সংঘবদ্ধ চক্র কক্সবাজার থেকে ব্যক্তিগত গাড়িতে করে ইয়াবার চালান ঢাকায় নিয়ে যাচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে রামুর রাবার বাগান এলাকায় অবস্থান নিয়ে চট্টগ্রামমুখী যানবাহনের ওপর নজরদারি শুরু করেন অধিদপ্তরের সদস্যরা।
একপর্যায়ে কক্সবাজার থেকে আসা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো একটি প্রাইভেট কার থামিয়ে তল্লাশি চালানো হয়। চালকসহ গাড়িতে থাকা দুই নারী নিজেদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কর্মরত কয়েকজনের পরিচিত বলে দাবি করলেও যাচাই-বাছাইয়ে সেই তথ্যের সত্যতা পাওয়া যায়নি।
পরে গাড়িতে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৬ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় আটক তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রামু থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এই কর্মকর্তা।
প্রাইমটিভি/এমআর

ডেস্ক রিপোর্ট
© ২০২৬ প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।






