জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম অভিযোগ করেছেন, আওয়ামী লীগ সরকারের পতনের পর বিএনপি দেশে আরেকটি স্বৈরাচারী রাজনৈতিক পরিবেশ গড়ে তোলার চেষ্টা করছে। তিনি দাবি করেন, অন্য রাজনৈতিক দলগুলোকে রাজনীতির মাঠে দাঁড়াতে না দিলে বিএনপির পরিণতি শেখ হাসিনার সরকারের চেয়েও ভয়াবহ হতে পারে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে সিলেট সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। এর আগে গোলাপগঞ্জে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা শেষে ফেরার পথে সারজিস আলমকে বহনকারী গাড়িতে হামলার ঘটনা ঘটে।

এনসিপির নেতাদের দাবি, দুপুর পৌনে ৩টার দিকে গোলাপগঞ্জ পৌরসভা মিলনায়তন থেকে সভা শেষে সারজিস আলমের গাড়ি বের হওয়ার সময় কয়েকজন ব্যক্তি ‘ভুয়া, ভুয়া’ স্লোগান দিয়ে গাড়ি লক্ষ্য করে বোতল ও পাথর নিক্ষেপ করেন। এতে গাড়ির পেছনের কাচ ভেঙে যায়।

পরে পাঁচমাইল এলাকায় দ্বিতীয় দফায় হামলার অভিযোগ করা হয়। এ সময় গাড়িতে থাকা যুবশক্তির সিলেটের সাবেক দপ্তর সম্পাদক তারেক জামিল চোখে আঘাত পান। হামলার জন্য এনসিপির নেতারা বিএনপির সহযোগী সংগঠন ছাত্রদলকে দায়ী করেছেন।

সাংবাদিকদের সামনে আহত তারেক জামিলকে দেখিয়ে সারজিস আলম বলেন, “তারা এখন মানুষের চোখ লক্ষ্য করছে। আমাদের একজনের চোখে আঘাত করা হয়েছে। হামলাকারীরা রড ও চাপাতি নিয়ে এসেছিল। আমাদের কাছে ঘটনার ভিডিওও রয়েছে।”

তিনি আরও অভিযোগ করেন, পাঁচমাইল এলাকায় রড ও ধারালো অস্ত্র নিয়ে হামলাকারীরা তাদের গাড়ি ভাঙচুরের চেষ্টা চালায়।

তবে এনসিপির এসব অভিযোগের বিষয়ে বিএনপি বা ছাত্রদলের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর আনুষ্ঠানিক বক্তব্যও তখন পর্যন্ত জানা যায়নি।

প্রাইমটিভি/এমএইচ