ভর্তির সুযোগ না পেয়ে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট হ্যাক করলেন শিক্ষার্থী

ছবি:সংগৃহীত
ভারতের শীর্ষ প্রযুক্তি শিক্ষা প্রতিষ্ঠান ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি (আইআইটি) কানপুরে ভর্তি হতে না পেরে আইআইটির দুটি ওয়েবসাইট হ্যাক করার অভিযোগ উঠেছে এক ভর্তিচ্ছু শিক্ষার্থীর বিরুদ্ধে। তবে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার পরিবর্তে কারিগরি দক্ষতা যাচাই করে ভবিষ্যতে ভর্তি হওয়ার সুযোগ দেওয়ার কথা বিবেচনা করছে আইআইটি কানপুর।
আইআইটি কানপুরের পরিচালক মনীন্দ্র আগরওয়াল বিষয়টি নিশ্চিত করেছেন।
চলতি সপ্তাহের শুরুতে ওই শিক্ষার্থী সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করেন, আইআইটি কানপুরের স্নাতক পর্যায়ের সাইবার সিকিউরিটি প্রোগ্রামে ভর্তি না হওয়ার পর তিনি আইআইটি কানপুর ও আইআইটি মাদ্রাজের ওয়েবসাইটের কিছু অংশে প্রবেশাধিকার অর্জন করেছিলেন।
শিক্ষার্থীর দাবি, আবেদনপত্র জমা, ভর্তি ফি পরিশোধ, প্রয়োজনীয় নথি এবং সাইবার নিরাপত্তা–সংক্রান্ত নিজের কাজের প্রমাণ জমা দেওয়ার পরও তিনি প্রাথমিকভাবে নির্বাচিত হননি। ফলে ভর্তি প্রক্রিয়ার হ্যাকাথনেও অংশ নেওয়ার সুযোগ পাননি।
এ বিষয়ে পরিচালক মনীন্দ্র আগরওয়াল বলেন, পর্যাপ্ত পূর্ব অভিজ্ঞতা না থাকায় ওই শিক্ষার্থীকে প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়নি। চলতি শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শেষ হয়ে যাওয়ায় এবার তাকে ভর্তি করানো সম্ভব নয়। তবে তাকে ক্যাম্পাসে ডেকে তার কারিগরি দক্ষতা মূল্যায়ন করা হবে। পরীক্ষায় যোগ্যতা প্রমাণ করতে পারলে আগামী ভর্তি চক্রে আবেদন করার সুযোগ দেওয়া হতে পারে।
তিনি আরও জানান, শিক্ষার্থীটি আইআইটি কানপুর ও আইআইটি মাদ্রাজের সরকারি ওয়েবসাইটের কিছু অংশে প্রবেশাধিকার অর্জন করেছিলেন।
আগরওয়াল বলেন, প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ শিক্ষক ও প্রকৌশলীরা শিক্ষার্থীর সঙ্গে কথা বলে তাকে বোঝাবেন যে, অনুমতি ছাড়া কোনো কম্পিউটার সিস্টেমে প্রবেশ করা আইনত অপরাধ এবং ভবিষ্যতে এমন কাজ থেকে বিরত থাকতে হবে।
আইআইটি কানপুরের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, প্রথমে শিক্ষার্থীর বিরুদ্ধে এফআইআর করার বিষয়টি বিবেচনা করা হয়েছিল। তবে আইনি পদক্ষেপ নেওয়ার আগে তার দাবি যাচাই এবং কারিগরি দক্ষতা মূল্যায়নের সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।
তিনি আরও বলেন, সম্ভাবনাময় সাইবার নিরাপত্তা গবেষকদের উৎসাহিত করার নজির আইআইটি কানপুরে আগেও রয়েছে। চলতি বছরের শুরুতে সিবিএসইর অনলাইন স্ক্রিন-মার্কিং পোর্টালের নিরাপত্তাজনিত দুর্বলতা শনাক্ত করা এক তরুণকে প্রতিষ্ঠানটির সি৩আইহাবে কাজের সুযোগ দেওয়া হয়েছিল।
উল্লেখ্য, ব্যাচেলর অব সাইবার সিকিউরিটি আইআইটি কানপুরের নতুন স্নাতক পর্যায়ের একটি কোর্স, যার লক্ষ্য সাইবার নিরাপত্তা খাতে দক্ষ জনবল তৈরি করা।
তথ্যসূত্র: দ্য ইকোনমিক টাইমস
প্রাইমটিভি/এমআর

ডেস্ক রিপোর্ট
© ২০২৬ প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।








