কুমিল্লার চৌদ্দগ্রামে জন্মনিবন্ধনের ভুল সংশোধন করতে এসে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে চার বছর বয়সী এক শিশু। এ ঘটনায় তার মা গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেল পৌনে ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলার ঘোলপাশা খালাসি মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোনতাসির আহমেদ চৌদ্দগ্রাম উপজেলার ঘোলপাশা ইউনিয়নের নারায়ণপুর গ্রামের আবদুল মতিনের নাতি। পরিবারের মূল বাড়ি পাবনা জেলায় হলেও তারা দীর্ঘদিন ধরে ঢাকায় ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, জন্মনিবন্ধনের ভুল সংশোধনের জন্য বৃহস্পতিবার দুপুরে মোনতাসিরের মা রুজিনা বেগম ঘোলপাশা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আসেন। প্রয়োজনীয় কাজ শেষ করে চৌদ্দগ্রাম পৌর এলাকার শ্রীপুরে এক আত্মীয়ের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে তারা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ওঠার সময় একটি যাত্রীবাহী বাস তাদের ধাক্কা দেয়।

দুর্ঘটনায় মা-ছেলে দুজনই গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোনতাসির আহমেদকে মৃত ঘোষণা করেন। আহত রুজিনা বেগমকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লায় পাঠানো হয়েছে।

চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আবুল হাশেম বলেন, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তার মাকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লায় রেফার করা হয়েছে।

মিয়াবাজার হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক নজির আহমেদ জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ হাইওয়ে পুলিশ ফাঁড়িতে নিয়ে যায়। আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।