পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর পায়ের রগ কেটে দিলেন স্ত্রী

ছবিঃ সংগৃহীত
চট্টগ্রামের মিরসরাইয়ে পারিবারিক কলহের জেরে ঘুমন্ত স্বামীকে ধারালো বস্তু দিয়ে গুরুতর জখম করার অভিযোগে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আহত ব্যক্তিকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) ভোরে উপজেলার বারইয়ারহাট পৌরসভার উত্তর সোনাপাহাড় এলাকায় এ ঘটনা ঘটে।
আহত মো. রাসেল (৩৮) পেশায় পিকআপচালক। অভিযুক্ত স্ত্রী মনি বেগমকে (৩৫) ঘটনার পর গ্রেপ্তার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। বুধবার রাতে তারা একই ঘরে ঘুমাতে যান। অভিযোগ অনুযায়ী, বৃহস্পতিবার ভোরে ঘুমন্ত অবস্থায় রাসেলকে বেঁধে ধারালো বস্তু দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়। এতে তিনি গুরুতর আহত হন।
পরে তার চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ফাহিম জামাল জানান, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে আহত ব্যক্তির অবস্থা গুরুতর ছিল। তাই উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত চমেক হাসপাতালে রেফার করা হয়েছে।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম বলেন, স্বামীকে গুরুতর জখম করার অভিযোগে মনি বেগমকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক তদন্ত শেষে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হয়েছে।
ঘটনার পেছনের কারণ ও অন্যান্য বিষয় তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

ডেস্ক রিপোর্ট
© ২০২৬ প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।





