ঝালকাঠিতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে ১০ পিস ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা বিক্রির ৪৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। এ সময় শিপ্রা রানী দাস (৪৬) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেল ৩টা ৫৫ মিনিটের দিকে ঝালকাঠি সদর উপজেলার পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের পালবাড়ি রোডে মো. ইকবাল খানের চায়ের দোকানের সামনে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই (নিঃ) মো. আলমগীর হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে শিপ্রা রানী দাসকে আটক করেন। পরে তার কাছ থেকে ১০ পিস হালকা গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেট এবং ইয়াবা বিক্রির ৪৫ হাজার টাকা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার শিপ্রা রানী দাস ঝালকাঠি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের পালবাড়ি এলাকার বাসিন্দা। তিনি গৌতম দত্তের স্ত্রী এবং মৃত ভবরঞ্জন সাহার কন্যা।

এ ঘটনায় এসআই (নিঃ) মো. আলমগীর হোসেন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় ঝালকাঠি সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

পুলিশ জানিয়েছে, জেলায় মাদক নির্মূল ও মাদক কারবারিদের বিরুদ্ধে জেলা গোয়েন্দা শাখার অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

প্রাইমটিভি/এমআর