বৃহস্পতিবার (৩০ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে ফুলবাড়ী উপজেলা সদরে এ ঘটনা ঘটে। আহতরা ফুলবাড়ী ও নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।

এনসিপির কুড়িগ্রাম জেলা কমিটির আহ্বায়ক মো. মুকুল মিয়া বলেন, হবিগঞ্জ ও ফুলবাড়ীতে দলীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে আয়োজিত শান্তিপূর্ণ কর্মসূচিতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের প্রায় দুই শতাধিক নেতাকর্মী হামলা চালায়। এতে জাতীয় ছাত্রশক্তির অন্তত ২০ জন নেতাকর্মী আহত হন। তিনি হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

অন্যদিকে, ফুলবাড়ী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মান্নান মুকুল বলেন, এনসিপির মিছিলে ছাত্রলীগের কর্মীরা অংশ নিয়েছিল। এ সময় ছাত্রদলের কর্মী মমিনুল এনসিপির কার্যালয়ের সামনে হামলার শিকার হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং উভয় পক্ষের মধ্যে অনাকাঙ্ক্ষিত সংঘর্ষের সৃষ্টি হয়। তিনি আরও দাবি করেন, বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ হিসেবে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীরা এনসিপির ব্যানারে এসব ঘটনা ঘটাচ্ছে।

এর আগে বুধবার (২৯ জুলাই) সন্ধ্যায় জাতীয় ছাত্রশক্তির ফুলবাড়ী উপজেলা সদস্য সচিব আযান আহমেদ শাওনের ওপর ছাত্রদল নেতাকর্মীরা হামলা চালিয়েছে বলেও অভিযোগ ওঠে।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান নাঈম জানান, ঘটনার সময় পুলিশ ঘটনাস্থলে উপস্থিত ছিল। কয়েকজন আহত হওয়ার তথ্য পাওয়া গেছে। তবে এখন পর্যন্ত কোনো পক্ষই লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

প্রাইমটিভি/এমআর