ঝালকাঠি সদর উপজেলায় ননদের জামাইকে ব্লেড দিয়ে আঘাত করার অভিযোগ উঠেছে এক গৃহবধূর বিরুদ্ধে। তবে ও গৃহবধূর দাবি, তাঁকে ধর্ষণের চেষ্টা করা হলে আত্মরক্ষার জন্য তিনি এ ঘটনা ঘটিয়েছেন। আহত ব্যক্তিকে প্রথমে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল আনুমানিক ১১টার দিকে সদর উপজেলার গাবারামচন্দ্রপুর ইউনিয়নের রমজানকাঠি এলাকায় এ ঘটনা ঘটে।

আহত মিঠু মল্লিক (৪০) বরিশাল জেলার বানারীপাড়া উপজেলার চাখার এলাকার বাসিন্দা। তিনি মৃত মোশাররফ মল্লিকের ছেলে। দীর্ঘদিন ধরে তিনি ঝালকাঠিতে শ্বশুরবাড়িতে বসবাস করছিলেন এবং স্থানীয়ভাবে একটি ফার্মেসি পরিচালনা করতেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে ওই গৃহবধূর বাড়িতে এ ঘটনা ঘটে। পরে স্বজন ও স্থানীয়রা আহত মিঠু মল্লিককে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

ওই গৃহবধূ অভিযোগ করে বলেন, তাঁর স্বামী স্থানীয় একটি বিদ্যালয়ের শিক্ষক। ঘটনার সময় তিনি বিদ্যালয়ে ছিলেন এবং তাঁর ননদও কর্মস্থলে ছিলেন। এ সুযোগে মিঠু মল্লিক বাড়িতে এসে তাঁকে ধর্ষণের চেষ্টা করেন বলে তাঁর অভিযোগ। তিনি আরও দাবি করেন, দীর্ঘদিন ধরে মিঠু তাঁকে উত্যক্ত করে আসছিলেন। একপর্যায়ে আত্মরক্ষার জন্য ব্লেড দিয়ে তিনি মিঠু মল্লিককে আঘাত করেন।

এ বিষয়ে আহত মিঠু মল্লিকের বক্তব্য জানতে তাঁর ব্যবহৃত মুঠোফোন নম্বরে যোগাযোগের চেষ্টা করা হয়। সাংবাদিক পরিচয় দেওয়ার পর প্রথমবার কলটি কেটে দেওয়া হয়। পরে একই নম্বরে একাধিকবার ফোন করা হলেও তিনি সাড়া দেননি। তাঁর পরিবারের সদস্যদের বক্তব্যও তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদ হাসান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রাইমটিভি/এমআর