ফেসবুকে হত্যার হুমকি,মামলা করলেন যুব অধিকার পরিষদের সভাপতি নাদিম হাসান

ছবিঃ সংগৃহীত
বাংলাদেশ যুব অধিকার পরিষদের সভাপতি নাদিম হাসান ফেসবুকে হত্যার হুমকি পাওয়ার অভিযোগে রাজধানীর পল্টন মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে তিনি আইনি পদক্ষেপের অংশ হিসেবে এ জিডি করেন।
অভিযোগে বলা হয়, "ইঞ্জিনিয়ার রায়হান উদ্দিন" নামের একটি ফেসবুক আইডি থেকে নাদিম হাসানকে হত্যার হুমকি দিয়ে বার্তা পাঠানো হয়। এ ঘটনার পর নিজের নিরাপত্তার কথা বিবেচনা করে তিনি থানায় জিডি করেন।
এ বিষয়ে নাদিম হাসান বলেন, "রাজনীতি করার কারণে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন অন্যায়-অনিয়মের প্রতিবাদ করায় প্রায়ই বিভিন্ন আইডি থেকে হুমকি পাই। ভবিষ্যৎ নিরাপত্তার কথা চিন্তা করেই জিডি করেছি। আমার ধারণা, রাজনৈতিক ভিন্নমতের প্রতি অসহিষ্ণু হয়েই তারা আমাকে এ ধরনের হুমকি দিচ্ছেন।"
পল্টন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোস্তফা কামাল খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অভিযোগটি সাধারণ ডায়েরি হিসেবে নথিভুক্ত করা হয়েছে এবং বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রাইমটিভি/এমএইচ

ডেস্ক রিপোর্ট
© ২০২৬ প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।









