ডেভিড ইমনের কাছে মিলল ভারতীয় আধার কার্ড, নাম 'আজহার খান'

ছবি:সংগৃহীত
চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ডেভিড ইমন ভারতে পালিয়ে আত্মগোপনের পরিকল্পনা করেছিলেন বলে দাবি করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ভারতের একটি আধার কার্ডও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে চট্টগ্রাম জেলা পুলিশ।
বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে সংবাদ সম্মেলনে চট্টগ্রামের পুলিশ সুপার মাসুদ আলম জানান, গ্রেপ্তার এড়াতে ডেভিড ইমন ও তার সহযোগীরা প্রথমে চট্টগ্রাম থেকে ঢাকায় যান। সেখানে তারা পোশাক, ব্যবহৃত গাড়ি এবং চালক পরিবর্তন করেন। পরে খুলনা হয়ে যশোর সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করেন। তবে সম্ভাব্য পালানোর রুটে আগে থেকেই পুলিশের নজরদারি ও চেকপোস্ট থাকায় যশোরের ঝুমঝুমপুর এলাকায় তাদের আটক করা হয়।
পুলিশ সুপার বলেন, ডেভিড ইমনের কাছ থেকে ভারতের একটি আধার কার্ড উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, ভারতে পৌঁছে নিরাপদে আত্মগোপনের প্রস্তুতির অংশ হিসেবে চট্টগ্রামের আরেক আলোচিত ব্যক্তি ‘বড় সাজ্জাদ’ তাকে এই কার্ড দিয়েছিলেন।
পুলিশের দাবি, উদ্ধার হওয়া আধার কার্ডে ‘আজহার খান’ নামে একটি পরিচয় ব্যবহার করা হয়েছে। এতে একটি ছবি, জন্মতারিখ ও ভারতের নাগরিক পরিচয় নম্বর উল্লেখ রয়েছে। তবে কার্ডটি আসল, নকল নাকি জালিয়াতির মাধ্যমে তৈরি—তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং প্রয়োজন হলে ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে তথ্য বিনিময় করা হবে।
তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ডেভিড ইমন সীমান্ত পেরিয়ে ভুয়া পরিচয়ে ভারতে আত্মগোপনের পরিকল্পনা করেছিলেন কি না, সেটিও গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে আধার কার্ডটি কোথা থেকে সংগ্রহ করা হয়েছে, এর সঙ্গে কারা জড়িত এবং পুরো পালানোর নেটওয়ার্ক শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।
তবে উদ্ধার হওয়া আধার কার্ডটি বৈধ কি না বা ডেভিড ইমন এটি ব্যবহার করেছেন কি না—সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি পুলিশ। তদন্ত শেষে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
প্রাইমটিভি/এমআর

ডেস্ক রিপোর্ট
© ২০২৬ প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।





