বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভোল পাল্টে এখন অনেকেই নিজেদের জুলাইযোদ্ধা হিসেবে পরিচয় দিচ্ছেন। তবে যারা ভোল পাল্টেছেন, তারাই এখন বেশি অপকর্মে জড়াচ্ছেন বলেও মন্তব্য করেন তিনি।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে রাজধানীর তথ্য ভবনে জুলাই শহীদ দিবস উপলক্ষে প্রকাশনার মোড়ক উন্মোচন ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, সরকার গঠনের পর গত পাঁচ মাসেও সমাজে দৃশ্যমান কোনো পরিবর্তন আসেনি। আগের মতোই ঘুষ-দুর্নীতি চলছে। পরিবর্তনের চেষ্টা করছেন কেবল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সমাজ বদলাতে সবাইকে তার পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

তিনি বলেন, স্বাধীনতার ৫৫ বছর পরও দেশের মানুষের জীবনমান কাঙ্ক্ষিতভাবে উন্নত না হওয়া অত্যন্ত দুর্ভাগ্যজনক। ক্ষমতায় গেলে ক্ষমতাসীনদের মধ্যে ক্ষমতা আঁকড়ে রাখার একটি প্রবণতা তৈরি হয়। এই ব্যবস্থার পরিবর্তনের লক্ষ্যেই জুলাই আন্দোলনে তরুণরা রক্ত দিয়েছেন।

বিএনপি মহাসচিব আরও বলেন, জুলাইয়ের আত্মত্যাগকে ধারণ করে রাষ্ট্র ও সমাজ পরিবর্তনের উদ্যোগ না নিলে সেই ত্যাগ বৃথা যাবে। বিএনপি একটি বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত সমাজ গড়তে চায় বলেও তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে উপস্থিত তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, জুলাই আন্দোলনকে কেন্দ্র করে কেউ যেন ব্যক্তিস্বার্থ বা ব্যবসা করার সুযোগ না পায়, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।

প্রাইমটিভি/এমআর