পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে একটি পুলিশ চেকপোস্টে ভয়াবহ হামলায় অন্তত ১১ জন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। প্রায় এক ঘণ্টাব্যাপী চলা বন্দুকযুদ্ধে নিরাপত্তা বাহিনীর পাল্টা অভিযানে ১৫ জন হামলাকারীও নিহত হয়। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে।

স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, বুধবার (২৯ জুলাই) রাতে আফগান সীমান্তবর্তী হাংগু জেলায় এ হামলার ঘটনা ঘটে।

পুলিশের বিবৃতিতে বলা হয়, হামলাকারীরা প্রথমে বিস্ফোরকবোঝাই একটি কোয়াডকপ্টার দিয়ে পুলিশ চেকপোস্টে হামলা চালায়। এরপর তারা অতর্কিতভাবে সশস্ত্র আক্রমণ শুরু করলে উভয় পক্ষের মধ্যে তুমুল গোলাগুলি হয়।

এই সংঘর্ষে ১৫ জন হামলাকারী নিহত হলেও নিরাপত্তা বাহিনীরও বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়। নিহতদের মধ্যে অতিরিক্ত পুলিশ সদস্য নিয়ে ঘটনাস্থলে পৌঁছানো ডেপুটি সুপারিনটেনডেন্ট (ডিএসপি) দিয়ার খানও রয়েছেন। এছাড়া আহত ২৮ জন পুলিশ সদস্যকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জেলা পুলিশ কর্মকর্তা মুজাহিদ হোসেন জানান, হামলাকারীরা তিনটি পুলিশ গাড়িতে আগুন ধরিয়ে দেয় এবং আরও একটি গাড়ি ছিনতাই করে নিয়ে যায়।

সাম্প্রতিক মাসগুলোতে পাকিস্তানের সীমান্তবর্তী এলাকায় সামরিক বাহিনী ও পুলিশকে লক্ষ্য করে হামলার ঘটনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সীমান্ত উত্তেজনা এবং পারস্পরিক অভিযোগের জেরে দুই প্রতিবেশী দেশের সম্পর্কও বর্তমানে চরম অবনতির মধ্যে রয়েছে।

সূত্র: আলজাজিরা

প্রাইমটিভি/এমআর