কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু

প্যারাসেইলিং । প্রাইম টিভি
কক্সবাজার সমুদ্র সৈকতে প্যারাসেইলিং করতে গিয়ে দুর্ঘটনায় অক্ষর সৌভিক রায় (৩১) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে।
শনিবার (১ আগস্ট) বেলা সাড়ে ১২টার দিকে মেরিন ড্রাইভ সড়কের দরিয়ানগর এলাকার একটি প্যারাসেইলিং পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে।
নিহত অক্ষর সৌভিক রায় খুলনা সদরের বানিয়াখামার এলাকার বাসিন্দা এবং শেখর রায়ের ছেলে। জানা গেছে, ৯ বন্ধু মিলে কক্সবাজারে বেড়াতে এসে তিনি প্যারাসেইলিংয়ে অংশ নেন। এ সময় তিনি প্যারাসেইল থেকে ছিটকে সমুদ্রে পড়ে যান। পরে তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. সুবক্তগীন মোহাম্মদ সোহেল জানান, দুপুর ২টা ১০ মিনিটের দিকে তাকে হাসপাতালে আনা হয়। হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
এদিকে, জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান জানান, মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
স্থানীয়দের দাবি, দরিয়ানগর এলাকার ওই প্যারাসেইলিং পয়েন্টে এর আগেও একাধিক দুর্ঘটনা ঘটেছে। অভিযোগ রয়েছে, বন্ধ ঘোষণা করা হলেও পরে আবারও কার্যক্রম চালুর অনুমতি দেওয়া হয়। তবে এ বিষয়ে প্রশাসনের আনুষ্ঠানিক বক্তব্য এখনও পাওয়া যায়নি।
প্রাইমটিভি/এনজি

জেলা প্রতিনিধি
© ২০২৬ প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।




