পর্দায় জুটি বাঁধছেন অভিনেত্রী সৌরসেনী মিত্র ও ঋষভ বসু

ছবি: সংগৃহীত
এবার পর্দায় নতুন জুটিতে হাজির হতে যাচ্ছেন অভিনেত্রী সৌরসেনী মিত্র ও অভিনেতা ঋষভ বসু। পরিচালক তথাগত মুখোপাধ্যায়ের নতুন চলচ্চিত্র ‘নিব্বা নিব্বি’-তে তাঁদের রসায়ন দেখতে পাবেন দর্শক। আগামী ১৪ আগস্ট জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম ‘জি ফাইভ বাংলা’য় সরাসরি মুক্তি পাবে ছবিটি।
ওয়েব চলচ্চিত্রে বেশ কিছু গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে শংকর চক্রবর্তী ও শান্তিলাল মুখোপাধ্যায়ের মতো বর্ষীয়ান অভিনেতাদেরও।
ছবির গল্প তৈরি হয়েছে একটি বিশেষ হার্ড ড্রাইভকে কেন্দ্র করে, যেখানে সংগৃহীত রয়েছে সমাজের প্রভাবশালী ও ক্ষমতাশালী ব্যক্তিদের নানা গোপন ও বিস্ফোরক তথ্য। সেই মূল্যবান হার্ড ড্রাইভটি চুরি করে চম্পট দেয় এক তরুণ যুগল। এরপর পুলিশের চোখ ফাঁকি দিয়ে বাংলার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে তাদের পালিয়ে বেড়ানোর রোমাঞ্চকর জার্নি এবং টানটান উত্তেজনার মাঝে গড়ে ওঠা প্রেম নিয়ে এগিয়েছে ছবির গল্প।
ছবিটি নিয়ে পরিচালক তথাগত মুখোপাধ্যায় জানান, "এটি মূলত এক তরুণ জুটির রোমাঞ্চকর পথচলার গল্প। পালানোর এই যাত্রায় তাদের জীবনে একের পর এক জটিল বিপত্তি ও অদ্ভুত পরিস্থিতি তৈরি হতে থাকে। রোমাঞ্চ, বিপদ ও প্রেমের চমৎকার এক মিশেল দর্শক পর্দায় দেখতে পাবেন।"
তিনি আরও জানান, গল্পটি এগিয়ে নেওয়ার পাশাপাশি এক ব্যঙ্গাত্মক (স্যাটায়ার) উপায়ে সামাজিক নানা ভণ্ডামি ও অসঙ্গতিকে পর্দায় তুলে ধরা হয়েছে।
প্রাইমটিভি/বিএম

ডেস্ক রিপোর্ট
© ২০২৬ প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।







