ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় পুকুরে ডুবে জোবায়েদ (৮) ও শামিম (৫) নামে দুই সহোদরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (৩১ জুলাই) দুপুরে উপজেলার বালিপাড়া ইউনিয়নের পাটুলী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জোবায়েদ ও শামিম পাটুলী গ্রামের বাসিন্দা রিপন মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির পাশের একটি স্থানে মাছ ধরার পর শরীরে লেগে থাকা কাদা পরিষ্কার করতে দুই ভাই পুকুরে যায়। এ সময় ছোট ভাই শামিম অসাবধানতাবশত পানিতে পড়ে যায়। তাকে বাঁচাতে বড় ভাই জোবায়েদও পুকুরে ঝাঁপ দিলে সেও পানিতে তলিয়ে যায়।

দীর্ঘ সময় ধরে দুই শিশুকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে তাদের মা পুকুরে একজনকে ভাসতে দেখে চিৎকার করলে স্থানীয়রা দ্রুত পানিতে নেমে দুই ভাইকে উদ্ধার করেন।

পরে তাদের ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সাকিব জানান, পরিবারের সদস্যরা দুই শিশুকে হাসপাতালে নিয়ে আসার আগেই তাদের মৃত্যু হয়েছিল।

ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।