আজ থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক

গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক । প্রাইম টিভি
আজ (১ আগস্ট) থেকে দেশের সব গণপরিবহনে জিপিএস (গ্লোবাল পজিশনিং সিস্টেম) ডিভাইস সংযুক্ত করা বাধ্যতামূলক করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। শুধু ডিভাইস স্থাপন নয়, এটি সার্বক্ষণিক সচল রাখারও নির্দেশনা দেওয়া হয়েছে। নতুন যানবাহনের রেজিস্ট্রেশন এবং ফিটনেস সনদ নবায়নের সময় জিপিএস সংযুক্ত অবস্থায় গাড়ি নিয়ে আসতে হবে। বিষয়টি যাচাইয়ের ব্যবস্থাও রাখা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
বিআরটিএ চেয়ারম্যান হাবিবুর রহমান বলেন, নতুন রেজিস্ট্রেশন বা ফিটনেস সনদের জন্য আসা প্রতিটি গণপরিবহনে জিপিএস সংযুক্ত থাকতে হবে এবং বিআরটিএর ব্যবস্থার মাধ্যমে তা যাচাই করা হবে।
তবে নির্ধারিত সময়ের মধ্যে দেশের সব গণপরিবহনে জিপিএস চালু করা সম্ভব হবে না বলে জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। সংগঠনের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম খান বলেন, বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে জিপিএস স্থাপনের চুক্তি সম্পন্ন হলেও সব গাড়িতে একযোগে এটি কার্যকর করতে আরও কিছু সময় প্রয়োজন।
বিশেষজ্ঞদের মতে, সঠিকভাবে বাস্তবায়ন করা গেলে জিপিএস প্রযুক্তি সড়ক ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে পারে। এর মাধ্যমে বাসের অবস্থান, গতি ও চলাচলের রুট পর্যবেক্ষণ করা সহজ হবে। দুর্ঘটনার তদন্তে প্রয়োজনীয় তথ্য সংরক্ষণ, বহর ব্যবস্থাপনা উন্নয়ন, জ্বালানি অপচয় কমানো এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত অবস্থান শনাক্ত করাও সহজ হবে। ভবিষ্যতে কেন্দ্রীয় মনিটরিং ব্যবস্থা ও যাত্রীবান্ধব অ্যাপ চালু হলে যাত্রীরা বাসের অবস্থান এবং সম্ভাব্য পৌঁছানোর সময়ও জানতে পারবেন।
তবে শুধু জিপিএস সংযোজন করলেই কাঙ্ক্ষিত পরিবর্তন আসবে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা। রোড সেফটি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাইদুর রহমান বলেন, প্রযুক্তির পাশাপাশি কার্যকর তদারকি, আইন প্রয়োগ, জবাবদিহিতা এবং পরিবহন খাতের কাঠামোগত সংস্কার নিশ্চিত করতে হবে। বিশ্লেষকদের মতে, এসব উদ্যোগ একসঙ্গে বাস্তবায়ন করা গেলে গণপরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ও নিরাপত্তা বাড়বে এবং জিপিএস ব্যবহারের প্রকৃত সুফল পাওয়া সম্ভব হবে।
প্রাইমটিভি/এনজি

ডেস্ক রিপোর্ট
© ২০২৬ প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।








