অবশেষে কি শুভ পরিণয় ঘটতে যাচ্ছে ফুটবল সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো ও তার দীর্ঘদিনের সঙ্গী জর্জিনা রদ্রিগেজের? আনুষ্ঠানিক কোনো ঘোষণা না এলেও, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ও সংবাদমাধ্যমে ফাঁস হওয়া একটি নিমন্ত্রণপত্র ঘিরে ফুটবল ও বিনোদন বিশ্বে নতুন করে তোলপাড় শুরু হয়েছে। ফাঁস হওয়া কার্ডের তথ্য অনুযায়ী, ধারণা করা হচ্ছে ১ আগস্টেই সম্পন্ন হতে পারে এই বহুল প্রতীক্ষিত বিবাহ অনুষ্ঠান।

পর্তুগিজ টিভি প্রোগ্রাম 'ভি+ফামা' দাবি করেছে, তাদের হাতে রোনালদো-জর্জিনার বিয়ের নিমন্ত্রণপত্রের একটি কপি এসেছে। কার্ডটিতে পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের আমন্ত্রণ জানিয়ে লেখা রয়েছে, "পরিবারের সদস্যদের সাথে নিয়ে ক্রিশ্চিয়ানো রোনালদো ও জর্জিনা রদ্রিগেজ আনন্দের সাথে তাঁদের বিয়ের অনুষ্ঠানে আপনাদের উপস্থিতি কামনা করছেন।"

তবে ফাঁস হওয়া এই ওয়েডিং কার্ডের সত্যতা নিয়েও ইতোমধ্যে বড় ধরনের ধোঁয়াশা তৈরি হয়েছে। কিছু কার্ডে বিয়ের সময় বিকেল ৫টা উল্লেখ থাকলেও, অন্য সংস্করণে সময় দেখা গেছে দুপুর ২টা। সময়ের এই অমিলের কারণে কার্ডটি আসল নাকি ভুয়ো, তা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম 'মিরর'-এর প্রতিবেদন অনুযায়ী, রোনালদোর বিয়ের অতিথি তালিকায় বসতে যাচ্ছে বিশ্বসেরা তারকাদের মেলা। ফুটবল অঙ্গনের কিলিয়ান এমবাপ্পে, ভিনিসিয়াস জুনিয়র, রিও ফার্দিনান্দের পাশাপাশি ইউএফসি তারকা খাবিব নুর্মাগোমেদভ এবং বিখ্যাত সাংবাদিক পিয়ার্স মরগানের নাম শোনা যাচ্ছে। শুধু খেলাধুলার জগতই নয়; হলিউড ও পপ দুনিয়ার ভিন ডিজেল, জেনিফার লোপেজ, রিয়ানা, ড্রেক এবং এস্টার এক্সপোসিটোর মতো মেগাস্টাররাও আমন্ত্রিত বলে জানা গেছে।

এর আগে সাংবাদিক পিয়ার্স মরগানকে দেওয়া এক সাক্ষাৎকারে বিশ্বকাপ শেষেই জর্জিনাকে আনুষ্ঠানিকভাবে বিয়ে করার পরিকল্পনার কথা জানিয়েছিলেন সিআরসেভেন। এছাড়া অতি সম্প্রতি জর্জিনা নিজের ইনস্টাগ্রামে অনামিকায় পরা চকচকে ডায়মন্ড আংটির ছবি শেয়ার করার পর বিয়ের গুঞ্জন আরও ডালপালা মেলেছিল। তবে সব প্রশ্নের চূড়ান্ত উত্তরের জন্য সবাইকে সময়ের ওপরই ভরসা রাখতে হচ্ছে।

প্রাইমটিভি/বিএম